বগুড়ায় তিন কোটি টাকার দরপত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার তিন কোটি টাকার দরপত্র ছিনতাই হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসব দরপত্র ছিনতাই করে বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ এই দরপত্র বাতিল করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীদের কাপড় ধোলাইসহ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের বার্ষিক কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রায় তিন কোটি টাকার এই কাজে খাদ্য সরবরাহের তিনটি গ্রুপসহ পাঁচটি গ্রুপে দরপত্র ডাকা হয়। এ জন্য প্রায় ৫০টি শিডিউল বিক্রি হয়। গতকাল ছিল এসব দরপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনের দোতলায় বহিরাগত শতাধিক সশস্ত্র যুবক অবস্থান নেয়। প্রশাসনিক কর্মকর্তার কক্ষের সামনে বারান্দায় দরপত্র বাক্স রাখা ছিল। সেখানে পুলিশও মোতায়েন করা হয়। বেলা ১১টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান আশা এন্টারপ্রাইজের মালিক রাশেদুজ্জামান গিয়ে বাক্সে দরপত্র ফেলার পর সশস্ত্র যুবকেরা রাশেদুজ্জামান ও তাঁর ভাই রাজুকে মারধর করতে থাকে। একপর্যায়ে রাশেদুজ্জামানকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ। এই ফাঁকে সন্ত্রাসীরা দরপত্র বাক্স ভেঙে শিডিউল বের করে তা ছিঁড়ে ফেলে। ঠিকাদার রাশেদুজ্জামান অভিযোগ করেন, শিডিউল কেনার পর থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান তা নেওয়ার জন্য তাঁর ওপর চাপ দিয়ে আসছিলেন। তিনি তা দিতে অস্বীকার করেন। গতকাল দরপত্র ফেলতে গিয়ে তিনি দেখেন ছাত্রলীগের ক্যাডার ও ফুলতলা এলাকার শীর্ষস্থানীয় সন্ত্রাসী মজনুসহ মাহমুদের লোকজন সেখানে অবস্থান করছে। একপর্যায়ে কৌশলে বাক্সে দরপত্র ফেলেন তিনি। এরপর সন্ত্রাসীরা তাঁদের দুই ভাইকে মারধর শুরু করে। একপর্যায়ে পুলিশ তাঁদের উদ্ধার করে। এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সুলতান মাহমুদ খানকে পাওয়া যায়নি। প্রতিবারই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশিস পোদ্দার বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর কর্মীরা সাংগঠনিকভাবে জড়িত নন। ব্যক্তি হিসেবে কেউ জড়িত থাকলে তা তিনি জানেন না। এ ব্যাপারে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম বলেন, কিছু যুবক বাক্স ভেঙে তিন কোটি টাকার দরপত্র ছিনতাই করেছে। এর পরিপ্রেক্ষিতে দরপত্র কমিটি এই দরপত্র বাতিল করে পুনরায় তা আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘ঘটনার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিলেন শুনেছি।’ তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান ছিলেন কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।