বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় আ.লীগ নেতাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুর কাজীপাড়ায় গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।নিহত ব্যক্তিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম সরদার (৫২) ও দর্জি শ্রমিক মনছুর আলী (৪৮)। খোরশেদ কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। ওই দোকানে মনসুর দর্জি শ্রমিকের কাজ করতেন।পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে দোকানের বেচা-কেনা সেরে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন খোরশেদ, মনসুর ও দোকানের আরেক সহযোগী রকিবুল। কিছু দূর যাওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত রিকশাভ্যান দিয়ে পথ রোধ করে তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই মনসুর মারা যান। তাঁদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে খোরশেদের মৃত্যু হয়। এরপর আহত রকিবুলকে প্রথমে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসাপতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাতেই চারজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।