বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিক হত্যা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার দড়িপাড়া গ্রামে আজ সোমবার সকালে ধারালো অস্ত্রের আঘাতে একজন ইটভাটা শ্রমিককে হত্যা করা হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম এবারত আলী (৩২)। বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, জমি নিয়ে পূর্বশত্রুতার কারণে এ হত্যার ঘটনা ঘটেছে। হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী ছয় ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল আরও জানান, হত্যায় যাঁরা সরাসরি অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ওই গ্রামের আফছার সরকারের স্ত্রী কাবাসী বেগম (৫৫), তাঁদের ছেলে আজিজার (৩৫) ও আমজাদ হোসেন (৩০), সিরাজ সরকারের ছেলে জাকিরুল ইসলাম (২৮) এবং ফজলু সরকারের ছেলে শাহীনুর রহমান (২৮)। গাবতলী থানা পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, দড়িপাড়া গ্রামের সৈয়দ আলী প্রামাণিক ওরফে ভাসানীর সঙ্গে প্রতিবেশী আবদুর রশিদের বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন এবারত আলীকে ফালা-সুরকি (দেশীয় ধারালো অস্ত্র) দিয়ে খোঁচাতে থাকে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিক্ষুব্ধ গ্রামবাসী এরপর হত্যাকারীদের ধাওয়া করে। গ্রামের বাসিন্দারা পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রামের বাসিন্দারা হত্যাকারীদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।