বগুড়ায় পরিবহন ধর্মঘট শুরু
বগুড়ায় আজ শনিবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে বগুড়া থেকে রাজধানী ঢাকাসহ কোনো রুটে গাড়ি চলাচল করেনি। বগুড়া মোটর মালিক গ্রুপ ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন গতকাল শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলন করে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।দ্বিতীয় বাইপাস মহাসড়ক দিয়ে বাস চলাচলকে কেন্দ্র করে বগুড়ার সীমান্ত এলাকা চান্দাইকোনায় সিরাজগঞ্জের মালিক ও শ্রমিকেরা বগুড়ার বাস চলাচলে বাধা দেন। এর প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে।আজ সকাল থেকে বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো রুটে গাড়ি চলাচল করেনি। শহরের ঠনঠনিয়ায় ঢাকা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বগুড়ায় পরিবহন ধর্মঘটের কারণে উত্তরাঞ্চলের রংপুর ও দিনাজপুরের আটটি এবং জয়পুরহাট জেলার কোনো বাস বগুড়ার ওপর দিতে যেতে পারেনি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া শহরের পশ্চিম ও পূর্বে দুটি বাইপাস দিয়ে কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হয়নি। মহাসড়কের দুই থেকে তিনটি স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। সকাল নয়টার দিকে বগুড়া-নামুজা সড়কে নুনগোলা বিদ্যালয়ের কাছে কিছু পরিবহন শ্রমিক সড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জানান, প্রশাসন থেকে তাদের আলোচনার জন্য ডাকা হয়নি।তবে এ ব্যাপারে প্রশাসনের বক্তব্য জানা যায়নি।