‘গুরুতর মানসিক রোগে আক্রান্ত’ আলোচিত দুই বোন রিতা ও মিতাকে গতকাল শুক্রবার বগুড়া থেকে ঢাকায় নেওয়া হয়েছে। বগুড়ার একটি আবাসিক হোটেল থেকে ছয় দিন আগে উদ্ধার হওয়ার পর থেকে তাঁরা শহরের উপকণ্ঠ বারপুরে অবস্থিত সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে ছিলেন। রিতা-মিতাকে ঢাকায় নিয়ে যান বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এলিনা খান। এ সময় তাঁদের বড় বোন কামরুন্নাহার হেনাও সঙ্গে ছিলেন। আইনজীবী এলিনা খান জানিয়েছেন, রিতা-মিতার (আসল নাম আইনুন্নাহার ও নুরুন্নাহার) রাজধানীর মিরপুরের বাড়িটি দখল করতেই একটি চক্র তাঁদের বগুড়ায় পাঠিয়েছিল।আইনজীবী এলিনা খান গতকাল সকালে ওই পুনর্বাসন কেন্দ্রে পৌঁছান। তিনি যখন বড় বোন হেনাকে সঙ্গে নিয়ে পুনর্বাসন কেন্দ্রের দোতলায় রিতা-মিতাদের কক্ষে প্রবেশ করেন, তখন ছোট বোন মিতা একটি শয্যায় ফ্যাকাশে মুখ নিয়ে বসেছিলেন। পাশেই বসা রিতা তখন আপন মনে কাগজে লিখছিলেন।শুরুতে এলিনার সঙ্গে অভিমানী সুরে কথোপকথন চলছিল মিতার। তবে রিতা ছিলেন খানিকটা নিশ্চুপ। এলিনা তাঁদের সঙ্গে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে মিতা বলেন, ‘আমরা দুর্বল, অত দূরের রাস্তা কি যেতে পারব?’ পরে অনেক বুঝিয়ে-সুঝিয়ে তাঁদের রাজি করানো হয়। বেলা ১১টার দিকে রিতা-মিতাকে সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসে করে এলিনা খান ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক মোহামঞ্চদ আবদুল মানিক এবং বগুড়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ বি এম মোস্তফা কামাল বড় বোন কামরুন্নাহার ও আইনজীবী এলিনা খানের জিম্মায় দেন রিতা-মিতাকে। এ সময় রিতা-মিতাকে উদ্ধারে সহায়তাকারী জাতীয় মহিলা আইনজীবী সমিতির শাহাজাদী লায়লাও সেখানে উপস্থিত ছিলেন। এলিনা খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘রিতা-মিতার নামে রাজধানীর মিরপুরের প্রধান সড়কে সাত কাঠা জায়গার ওপর উডল্যান্ড নামে একটি বাড়ি রয়েছে। বাড়িটির দাম কয়েক কোটি টাকা। বাড়িটি গ্রাস করতে একটি চক্র উঠেপড়ে লেগেছে। এই চক্রের মূল হোতা বাড়ির ভাড়াটে মাহবুবুর রহমান। চক্রটি বিশেষ উদ্দেশ্যে রিতা-মিতার হাতে টাকা তুলে দিচ্ছে। তাঁদের বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে প্রলুব্ধ করছে। উদ্দেশ্য, রিতা-মিতার কিছু হলে ভুয়া কাগজপত্র দেখিয়ে বাড়িটি দখল করা।’ ১০ বছর ধরে ঘরে বন্দী জীবনযাপনের পর ২০০৬ সালের মে মাসের দিকে রিতা-মিতাকে মিরপুরের ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসায় তাঁরা সুস্থ হয়ে ওঠেন। পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মিতার চাকরিও হয়। আর রিতার চাকরি হয় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে। কিন্তু মে, জুন ও জুলাই মাস এলেই দুই বোন অসুস্থ হয়ে পড়েন। আইনজীবী এলিনা জানান, ২০০৯ সালে মিতা কর্মস্থলে যাওয়া বন্ধ করে দেন। এরপর প্রায় দুই বছর বড় বোন হেনার কাছেই ছিলেন রিতা-মিতা। পরে তাঁরা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে চান। একপর্যায়ে দূরসর্ম্পকের আত্মীয় ও অক্সফোর্ড ইন্টারন্যাশনালের গ্রন্থাগারিক শহিদুল ইসলামের তত্ত্বাবধানে বোনের বাসা ছেড়ে তাঁরা আলাদা বাসায় ওঠেন। সেখান থেকেই তাঁরা বগুড়ায় আসেন। এখন ঢাকায় নিয়ে তাঁদের চিকিৎসা করানো হবে। তাঁদের রাখা হবে বড় বোন হেনার বাসায়।২৩ জুন বগুড়া শহরের আকবরিয়া আবাসিক হোটেল থেকে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নেত্রীদের সহায়তায় পুলিশ রিতা-মিতাকে উদ্ধার করে। গত ২০ ফেব্রুয়ারি চিকিৎসক ও প্রকৌশলী পরিচয়ে তাঁরা ওই হোটেলে ওঠেন। হোটেল ভাড়া বাবদ তাঁরা ৭২ হাজার টাকা পরিশোধও করেন। একপর্যায়ে ভাড়া দেওয়া বন্ধ করে দিলে তাঁদের খোঁজ করতে গিয়ে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানায় হোটেল কর্তৃপক্ষ। উদ্ধারের পর দুই বোনকে রাখা হয় ওই পুনর্বাসন কেন্দ্রে।