বগুড়ায় প্রধান শিক্ষককে মারধর করলেন ডেসটিনির কর্মীরা
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে আজ বুধবার বিদ্যালয় চত্বরে মারধর করেছেন ডেসটিনি-২০০০ লিমিটেডের কর্মীরা।এ ঘটনার পর বিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্ররা যানবাহন ও ডেসটিনির কার্যালয় ভাঙচুর এবং তাদের কয়েকজন কর্মীকে পিটুনি দিয়েছে। পুলিশ ডেসটিনির কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরে একটি শোভাযাত্রা বের করে ডেসটিনি-২০০০ লিমিটেড। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি জিলা স্কুল চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বিদ্যালয় চত্বরের মধ্যে একটি মঞ্চ তৈরি করেন ডেসটিনির কর্মীরা। গাছের চারা বিতরণ উপলক্ষে সেখানে অনুষ্ঠান শুরু করা হয়। বিদ্যালয়ে পাঠদান চলাকালে অনুষ্ঠান না করার জন্য প্রধান শিক্ষক তাঁদের অনুরোধ করেন। কিন্তু এরপরও তাঁরা মাইক বাজিয়ে অনুষ্ঠান চালিয়ে যেতে থাকেন। প্রধান শিক্ষক আবারও অনুষ্ঠান বন্ধ করতে বললে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ডেসটিনির ১৫-১৬ জন কর্মী প্রধান শিক্ষক রমজান আলীকে ধাক্কাধাক্কি করে বিদ্যালয়ের মাঠের মধ্যে নিয়ে কিল-ঘুষি মারতে থাকেন। তখন অন্য শিক্ষক ও আশপাশের মানুষ এগিয়ে এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে তাঁর কক্ষে নিয়ে আসে। এ সময় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী আবদুল বাকী বিদ্যালয়ের প্রধান ফটকে ছিলেন। ডেসটিনির কর্মীরা তাঁকে মারধর করে বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় আবদুল বাকীকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর বিদ্যালয়ের ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে চারা বিতরণের ওই মঞ্চ ভাঙচুর এবং ডেসটিনির কর্মীদের মারধর করে। একপর্যায়ে ছাত্ররা বিদ্যালয় থেকে বের হয়ে রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তখন পুলিশ ছাত্রদের শান্ত করে বিদ্যালয় চত্বরে ফিরিয়ে নিয়ে যায়। তবে ছাত্ররা প্রধান শিক্ষককে মারধরের বিচার দাবি করে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা ডেসটিনির একটি প্রাইভেট কার ও গাছের চারা নিয়ে আসা একটি পিকআপ ভাঙচুর করে। একপর্যায়ে ছাত্ররা আবার বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক সামান্য আহত হন।পরিস্থিতি খারাপের দিকে গেলে খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আনওয়ার হোসেন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) শিরিন আকতারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় তাঁদের সামনে প্রধান শিক্ষক কান্নায় ভেঙে পড়েন। এ দৃশ্য দেখে ছাত্ররা আরও উত্তেজিত হয়ে ওঠে। ছাত্রদের একটি অংশ বিদ্যালয়ের পেছনের ফটক দিয়ে বের হয়ে শহরের জলেশ্বরীতলায় ডেসটিনি-২০০০ লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ছাড়া শহরের শেরপুর সড়কে অবস্থিত ডেসটিনির আরেকটি কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করে ছাত্ররা।এ ঘটনায় ডেসটিনি-২০০০ লিমিটেডের বগুড়া অঞ্চলের প্রধান আবদুল কাদের, কর্মী নাইম খান (১৮) ও আল-আমিনকে (২২) আটক করে পুলিশ।প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ প্রথম আলোকে বলেন, তাঁর কাছ থেকে অনুমতি না নিয়েই বিদ্যালয় চত্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা হচ্ছিল। পাঠদানে সমস্যা হওয়ায় তিনি অনুষ্ঠান বন্ধ করার কথা বলতে গেলে ডেসটিনির কর্মীরা তাঁকে মারধর করেন।তবে ডেসটিনির কর্মকর্তা আবদুল কাদের দাবি করেন, প্রধান শিক্ষকের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েই তাঁরা গাছের চারা বিতরণ করছিলেন। কিন্তু প্রধান শিক্ষক অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ সময় তাঁদের কয়েকজন কর্মী প্রধান শিক্ষকের গায়ে হাত তোলেন। তখন তিনি প্রধান শিক্ষককে রক্ষা করলেও তাঁকে আটকে রেখে মারধর করা হয়।সদর থানার ওসি খালেকুজ্জামান পরিস্থিতি শান্ত বলে জানান।এ ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক আনওয়ার হোসেন শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। জেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম খন্দকার সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে আজকের সব ক্লাস স্থগিত এবং কাল (বৃহস্পতিবার) বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।