বগুড়ায় ফেয়ার প্রাইজের ২২৩ বস্তা গম আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ঠেঙ্গামারার বগুড়া-রংপুর মহাসড়কে ন্যায্যমূল্যের (ফেয়ার প্রাইজ) ২২৩ বস্তা গম পাচারের সময় আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। এ সময় ওই গম বহনকারী ট্রাকের চালক ও সহকারীকেও আটক করেছে র‌্যাব। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।আটক হওয়া ব্যক্তিরা হলেন ট্রাকের চালক দুলাল মোহন্ত ও তাঁর সহকারী মন্টু মিয়া।র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটায় গোপন সংবাদ পেয়ে র্যাবের সদস্যরা ঠেঙ্গামারায় চালক, সহকারীসহ গম বহনকারী ট্রাকটি আটক করে। ওই ট্রাক থেকে ২২৩ বস্তায় ১১ টন গম পাওয়া যায়। এসব গমের বস্তায় সরকারি খাদ্য অধিদপ্তরের নাম লেখা রয়েছে।র‌্যাব ধারণা করছে, সরকারি এসব গম কালোবাজারে বিক্রির উদ্দেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গমের বস্তাগুলো বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ফেয়ার প্রাইজের ডিলার মোস্তাক আহম্মেদ লিংকনের গুদাম থেকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন ট্রাকের চালক দুলাল মোহন্ত।পরে র‌্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালক দুলালকে এক মাস ও সহকারী মন্টু মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেন। ওই গমের ডিলারের বিরুদ্ধে মামলা করার নির্দেশও দিয়েছেন আদালত।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনু রহমান বলেন, আটক করা গমগুলো বগুড়া সদর খাদ্যগুদামের জিম্মায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।