বগুড়ায় বাণিজ্য মেলায় যুবলীগ নেতা খুন
বগুড়া শহরতলির মাটিডালি মোড়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল শনিবার মধ্যরাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগের নেতা শফিক চৌধুরী (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় শফিকের চাচাতো ভাই এবং যুবলীগ কর্মী রাসেল (৩০) আহত হন। রাসেলকে চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত শফিক বগুড়া সদরের রাজাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি সদর উপজেলার মানিকচক গ্রামের আবদুর রহমান চৌধুরীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও বগুড়া সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে রাসেল বাণিজ্য মেলায় ঢোকার সময় গেটে থাকা কয়েকজন যুবকের সঙ্গে বাগিবতণ্ডা হয়। তখন রাসেলকে ওই যুবকেরা ঘুষি মারে। রাসেল বিষয়টি তাঁর চাচাতো ভাই শফিককে জানান। পরে শফিক এসে জানতে চান, কে তাঁর ভাইকে মেরেছে। একপর্যায়ে মেলার গেটের কাছে এসে একদল যুবক শফিক ও রাসেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক শফিককে মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পরপর মেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।