জয়ের বিরুদ্ধে অবৈধ ব্যবসার অভিযোগ করায় বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে বগুড়ায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ ও মানহানি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার সেখানকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।আদালতের বিচারক ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক অভিযোগ আমলে নিয়ে জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে সমন জারি করেছেন। ৪ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে ওই দিন আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় বলা হয়, বিরোধীদলীয় চিফ হুইপ ১২ মার্চ তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পুত্র ও আওয়ামী লীগের সদস্য সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করেন। তিনি বলেছেন, জয় আন্তর্জাতিক ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসার সঙ্গে জড়িত থেকে এক হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি করেছেন। মিথ্যা ভিত্তিহীন এ খবর দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এতে করে সজীব ওয়াজেদ জয়ের ১০০ কোটি টাকার ক্ষতি ও মানহানি হয়েছে।