বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বিএনপির নেতা শাহীন আলী (৪০) খুন হয়েছেন। একই দিন শহরের ফুলতলা এলাকায় যুবলীগের বহিষ্কৃত এক নেতার সমর্থকদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার সমর্থকদের সংঘর্ষের সময় যুবলীগের কর্মী ফুরকান মিয়া (২৫) গুলিবিদ্ধ হয়েছেন।শাহীন বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে আহত ফুরকান নিজেকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি দাবি করেছেন।বিএনপির নেতা খুন: নিহত শাহীনের ছোট ভাই দুলাল হোসেন জানান, শাহীন আগামী বগুড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে জনসংযোগ শুরু করেছিলেন। এ নিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার পশারী ওরফে হিরুর ছোট ভাই লিখনের সঙ্গে শাহীনের বিরোধ চলছিল। এর জেরে শাহীনকে খুন করা হয়েছে বলে তাঁর দাবি।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে বাড়ি ফিরছিলেন শাহীন। সূত্রাপুর আজাদ পাম্পের কাছে একদল সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় শাহীনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত সাড়ে আটটার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দেলোয়ার ও তাঁর বন্ধু রিজভির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, শাহীনের ভাই দুলাল পৌর কাউন্সিলর দেলোয়ার, লিখনসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। শাহীন হত্যার বিষয়ে শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল হক চৌধুরী বলেন, এটা রাজনৈতিক বিষয় নয়। এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে।যুবলীগের কর্মী গুলিবিদ্ধ: শহরের ফুলতলা বন্দরে কয়েক বছর ধরে নির্মাণাধীন চারটি দোকানঘর নিয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মজনু শেখের সমর্থকদের সঙ্গে যুবলীগের বহিষ্কৃত নেতা (জেলা কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক) আমিনুল ইসলামের সমর্থকদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আমিনুলের সমর্থকেরা ফুলতলা এলাকায় একটি মসজিদের নির্মাণকাজের জন্য টাকা তুলতে যায়। মজনুর সমর্থকেরা তাতে বাধা দিয়ে আমিনুলের লোকদের ধাওয়া করে এবং গুলিবর্ষণ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে ফুলতলা বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সন্ধ্যা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবিনিময়কালে আমিনুলের পক্ষের সমর্থক ফুরকান গুলিবিদ্ধ হন। ফুরকানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।খবর পেয়ে শাজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলি ও বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। আবার সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় প্রথম আলোকে বলেন, ফুলতলায় যে ঘটনা ঘটেছে তার সঙ্গে যুবলীগের কেউ জড়িত নয়। শাহীন একসময় যুবলীগ করলেও ছয় মাস আগে তাঁকে বহিষ্কার করা হয়। আর গুলিবিদ্ধ ফুরকান যুবলীগের কোনো নেতা নয়। কারণ ১৪ নম্বর ওয়ার্ড কমিটি এখনো গঠন করাই হয়নি।যোগাযোগ করা হলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় শামীম আহম্মেদ ও আকুল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফুরকানের বাবা আবদুস সাত্তার মজনুসহ নয়জনকে আসামি করে মামলা করেছেন। অপরদিকে মজনুর স্ত্রী সুরভী বেগম আমিনুলসহ সাতজনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেছেন।