কবি নজরুলের চিন্তা ও চেতনাকে আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে বগুড়ায় বিভিন্ন সংগঠন পালন করেছে জাতীয় কবি নজরুল ইসলামের ১১১তম জন্মজয়ন্তী।২৭ মে নজরুল পরিষদ বগুড়ার উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সংগঠনের সভাপতি আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল মতিন, রহীম চৌধুরী, মন্তেজার রহমান, তৌফিক হাসান, এম এ মজিদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে গুণী শিল্পী যথাক্রমে তানভীর আলম সজীব ও আরিফুল ইসলাম আরিফকে সংবর্ধনা দেওয়া হয়। সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাংসদ আবদুল মান্নান। এরপর শুরু হয় নজরুলের গান। পরিষদের শিল্পীরা একের পর এক নজরুলের গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। সুরের ছোঁয়া সংগীত নিকেতনের উদ্যোগে ২৮ মে পালন করা হয় কবির জন্মজয়ন্তী। শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মশিউল আলম। নুরুল এসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আনোয়ারুল ইসলাম, নাইমুল করিম, এম আর মিলকি প্রমুখ।অনুষ্ঠানে নজরুলসংগীত শিল্পী খাজা গোলাম মহিউদ্দিন ও জেসমিন আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া নজরুলসংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে শাহানাজ পারভীনের পরিচালনায় এবং নজরুল ইসলাম, সজীব, স্বপন ও লিটনের যন্ত্রসংগীতের সহযোগে সংবর্ধিত শিল্পীসহ সংগীত পরিবেশন করেন নুরুল ইসলাম, সজরুল ইসলাম, লিপি, বাঁধন এবং নৃত্য পরিবেশন করেন ক্যাথি, রাতুল ও রিমা। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন নুরে আলম।