বগুড়ায় মেয়র-কাউন্সিলর দ্বন্দ্ব দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী
বগুড়া পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে করে নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে পৌর কাউন্সিলরদের কথা শুনতে হচ্ছে বেশি। অভিযোগ উঠেছে, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমানের সঙ্গে পৌর কাউন্সিলরদের দ্বন্দ্বের কারণে এসব রাস্তাঘাট সংস্কার হচ্ছে না। কাউন্সিলরদের অভিযোগ, মেয়র আগামী ভোটের প্রস্তুতি হিসেবে বর্ধিত এলাকায় উন্নয়নকাজ করছেন অগ্রাধিকার ভিত্তিতে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা অভিযোগ করেন, সময়মতো রাস্তা সংস্কার না করা এবং অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচলের কারণে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এ ছাড়া পৌরসভার রাস্তাগুলোর ধারণক্ষমতা তিন টন হলেও প্রতিনিয়ত ১০-১৫ টন পণ্যবোঝাই ট্রাক চলাচল করায় রাস্তা দেবে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। শুধু তা-ই নয়, রাস্তার গাইড ওয়াল ভেঙে ড্রেন পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে ময়লা-আবর্জনাসহ ড্রেনের পানি নিষ্কাশন হতে না পেরে উঠে আসছে রাস্তার ওপর। বগুড়া শহরের নামাজগড়-বারপুর (পুরোনো দিনাজপুর সড়ক) সড়ক, দত্তবাড়ী-নারুলী সড়ক, চন্দনবাইশা সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর দশা বেহাল হয়ে পড়েছে। এর মধ্যে চন্দনবাইশা সড়কের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রতিবছর পৌরসভা থেকে সড়কগুলো মেরামত করা হলেও বর্ষা শেষে আবারও এগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারও বগুড়া পৌরসভা বর্ষা মৌসুমে শহরের রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু করেছে। তবে চলাচলের অযোগ্য রাস্তাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হলেও কবে নাগাদ কাজ শুরু হবে তা নিশ্চিত করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। এদিকে সামান্য বৃষ্টি হলেই শহরের রাস্তাগুলো ময়লা-আবর্জনা ও পানি জমে এমন দশা হয় যে হেঁটে চলাচলও দুষ্কর হয়ে পড়ে। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় দীর্ঘদিন ধরে ময়লা পানি আর আবর্জনা জমে থাকলেও পৌরসভা থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কোনো পদক্ষেপ না নেওয়ায় কিছুদিন আগে জাসদ ছাত্রলীগের উদ্যোগে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর ওই এলাকায় ড্রেন নির্মাণকাজ শুরু করা হলেও আবর্জনা পরিষ্কার করা হয়নি। পৌর কাউন্সিলর আমিনুল ফরিদ জানান, বর্ষা মৌসুমে রাস্তা সংস্কার ও মেরামতের কাজ শুরু করায় জনদুর্ভোগ আরও বেড়েছে। পাশাপাশি কাজের মানও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। পৌর মেয়রকে এ ব্যাপারে বহু বলা হলেও কোনো উদ্যোগ নেননি।নামুজা ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বলেন, শহরের মূল স্থানে মেরামতকাজ না করায় তাদের চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে। তিনি বলেন, ‘কার সঙ্গে কী বিরোধ আমরা তা দেখতে চাই না। আমরা চাই রাস্তাগুলো সংস্কার হোক।’পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান বলেছেন, উন্নয়নকাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। দু-একজন কাউন্সিলরের সঙ্গে দ্বন্দ্বের কথা তিনি স্বীকার করে বলেন, নিজেদের স্বার্থ নিয়ে তাঁরাই দ্বন্দ্বের সৃষ্টি করেছেন। পৌরসভার বর্ধিত অংশে উন্নয়নকাজে অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় বছরে পুরোনো ওয়ার্ডগুলোতে প্রায় ৭৫ কোটি টাকার কাজ হয়েছে। বর্ধিত এলাকার নয়টি ওয়ার্ডে এ পর্যন্ত কাজ হয়েছে প্রায় ১২ কোটি টাকার। বর্ষা মৌসুমে কার্পেটিংয়ের কাজ করা হবে না।বগুড়া পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ইতিমধ্যে ২৯টি গ্রুপে এক কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সড়কে গ্যাস সংযোগের কারণে কাটা অংশের মেরামতকাজ শুরু হয়েছে। এ ছাড়া চলাচলের অযোগ্য রাস্তাগুলো মেরামতের জন্য আরও ১৬ গ্রুপে দুই কোটি ৬৫ লাখ টাকার টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে।