বগুড়ায় মোটরসাইকেল ছিনতাইকালে দুজন আটক, দণ্ড
বগুড়ার শেরপুরে সড়কে ধারালো ছুরির ভয় দেখিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শাজাহানপুর উপজেলার দহিকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন ওরফে জনি (২২) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে মতিউর রহমান (৩৫) নামের এই দুই ছিনতাইকারীর প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় এই দণ্ড দেন।থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডবিধি আইনের ৩৫৬ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ম্যাজিস্ট্রেট তাঁদেরকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। তাঁরা গতকাল রাত সোয়া আটটায় শালফা সেতু এলাকায় উপজেলার দশশিকা গ্রামের আবদুস ছামাদকে ধারালো ছুরির ভয় দেখিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনগণ তাঁদের আটক করে। সংবাদ পেয়ে পুলিশ এসে ১০ ইঞ্চি লম্বা ধারালো একটি ছুরিসহ তাঁদের গ্রেপ্তার করে।