বগুড়ায় যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের মালতীনগর এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় যুবলীগের কর্মী রোকনুজ্জামান ওরফে রিপন ওরফে গাল কাটা রিপনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি মালতীনগর মণ্ডলপাড়ার আকতারুজ্জামান হিরু মণ্ডলের ছেলে। রোকনুজ্জামান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।এর আগে গত বৃহস্পতিবার বগুড়া শহরে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে বিএনপির নেতা শাহীন আলী (৪০) খুন এবং যুবলীগের কর্মী ফুরকান মিয়া (২৫) গুলিবিদ্ধ হন।প্রত্যক্ষদর্শীরা জানায়, রোকনুজ্জামান গতকাল সন্ধ্যায় মালতীনগর বক্সীবাজার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে পাঁচ-ছয়জন সন্ত্রাসী এসে তাঁকে ঘিরে ধরে। তারা ধারালো অস্ত্র দিয়ে রোকনুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জামানকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তাঁর লাশ বাড়িতে নিয়ে যান।খবর পেয়ে জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম ও সাধারণ সম্পাদক সাগর কুমার রায়সহ কয়েকজন নেতা রিপনের বাড়িতে ছুটে যান। সাগর কুমার রায় বলেন, সংগঠনের কর্মী রোকনুজ্জামানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।রোকনুজ্জামানের বাবা আক্তারুজ্জামান অভিযোগ করেন, বগুড়া পৌরসভার বিএনপি-সমর্থিত এক কাউন্সিলর ও তাঁর ভাই রিপনকে হত্যা করেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, ঘটনার পর পরই বিপুলসংখ্যক পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। রোকনুজ্জামান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।