বগুড়ায় রেক্টিফাইড স্পিরিট পানে দুজনের মৃত্যু
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রেক্টিফাইড স্পিরিট পানে গত দুই দিনে দুজন নিহত এবং আরও চারজন অসুস্থ হয়ে পড়েছে। নিহত ব্যক্তিরা হলেন—দুপচাঁচিয়ার তালোড়া বাজারের সম্ভুপাশি (৫০) এবং শাবলা গ্রামের জামাল উদ্দিন (২৬)। অসুস্থরা হলেন—তালোড়া বাজারের কৃষ্ণা বাশফোঁড় (৪০), লক্ষণ রবিদাস (৬০), জয়রাম রবিদাস (৪৫) এবং নয়াপাড়া গ্রামের বংশী রবিদাস (৫০)। এ ছয়জনের পারিবারিক সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর রাতে স্থানীয় একটি হোমিওপ্যাথিক দোকান থেকে তাঁরা রেক্টিফাইড স্পিরিট কিনে পান করে নেশা করেন। পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। এঁদের মধ্যে গত মঙ্গলবার সকালে সম্ভুপাশি নিজ বাড়িতে মারা যান এবং গতকাল বুধবার রাতে জামাল উদ্দিন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী বলেন, ‘আমরা রেক্টিফাইড স্পিরিট পান করে দুজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে তারা কোথা থেকে নেশার দ্রব্য কিনেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’