বগুড়ায় রেললাইনে নাশকতার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের দুই বিভাগ রংপুর ও রাজশাহীর ১৬ জেলায় গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালে বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে। জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির সংগঠনের সভাপতি মো. দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে এই হরতাল ডাকে।পাবনায় জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশসহ ১০ জন আহত হয়েছে। বগুড়ায় রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করে জামায়াত-শিবির। রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন আহত হয়। ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে শহরের আবদুল হামিদ সড়ক, ইন্দারা মোড় ও সোনাপট্টি এলাকায় চারটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় পেছন থেকে পুলিশ ধাওয়া দিলে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিমসহ পুলিশের ছয় সদস্য ও মিছিলকারীদের চারজন আহত হন। পরে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ঘটনাস্থল থেকে একজন এবং পরে আশপাশের এলাকা থেকে জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে আটক করে।বগুড়া: হরতালের আগে বুধবার ভোরে লালমনিরহাট-সান্তাহার রেলপথের বগুড়ার শহরতলির শহরদীঘি এলাকায় রেললাইনের দুই শতাধিক প্যান্ডেল ক্লিপ খুলে ফেলেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তনগর ট্রেন ‘লালমনি এক্সপ্রেস’ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে। তবে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনের কয়েক শ যাত্রী।বগুড়া রেলওয়ের স্টেশনমাস্টার বেনজুরুল ইসলাম জানান, ট্রেনটি ঘটনাস্থলের অদূরে কাহালু স্টেশনে পৌঁছার আগেই রেললাইনে নাশকতার খবর পায় কর্তৃপক্ষ। এরপর দ্রুত তারবার্তা পাঠিয়ে কাহালু স্টেশনে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। খবর পেতে ১০-১৫ মিনিট দেরি হয়ে গেলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত। ট্রেনটিতে ৬০০-৭০০ যাত্রী ছিল।ঘটনা জানার পরপরই রেল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। দ্রুত রেলপথটি মেরামতের জন্য উদ্যোগ নেন রেলের কর্মীরা। মেরামত শেষে সকাল আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।ভোর সোয়া পাঁচটার দিকে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসংলগ্ন সিলিমপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে পুলিশের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, হরতালের সমর্থকেরা ভোর পাঁচটার দিকে মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। বাধা দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইটপাটকেল ছোড়ে। তখন পুলিশ বেশ কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শিবিরের দুই কর্মীকে আটক করা হয়।রাজশাহী: দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিনোদপুরে ঝটিকা মিছিল বের করে রাস্তা অবরোধ করে শিবির। বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।পুলিশের গুলিতে তিন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে শিবির দাবি করেছে।সিরাজগঞ্জ: বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ীর সীমান্তবাজার এলাকায় একটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দেয় হরতালের সমর্থকেরা। এ সময় ট্রাকচালক মোয়াজ্জেম হোসেন আহত হন। সকালে উল্লাপাড়ায় ও চণ্ডীদাসগাঁতী বাজারে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পিকেটাররা। নাটোর: আন্তজেলার দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও হালকা যান চলাচল করে। অধিকাংশ দোকানপাট খোলা ছিল। শহরের বিভিন্ন মেস থেকে শিবিরের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।