বগুড়ায় শিবিরের ছোড়া ককটেলে স্কুলছাত্রী আহত
বগুড়ায় হরতাল-সমর্থকদের ছোড়া ককটেলের বিস্ফোরণে আহত হয়েছে এক স্কুলছাত্রী। সাদিয়া আক্তার (১৩) নামের ওই ছাত্রীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের শয্যায় শুয়ে কান্নাজড়িত কণ্ঠে সাদিয়া প্রশ্ন করে, ‘আমি তো কিছু করি নাই, ওরা আমাকে ককটেল মারল কেন?’সাদিয়া বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। গতকাল সোমবার ক্লাস শেষে বিদ্যালয় থেকে ফেরার পথে সে ককটেল বিস্ফোরণে আহত হয়। এর আগে গত ২৮ মার্চ চট্টগ্রামে হরতাল-সমর্থকদের ছোড়া ককটেলের বিস্ফোরণে নবম শ্রেণীর ছাত্রী অন্তু বড়ুয়া আহত হয়। নগরের মোমিন রোড দিয়ে মায়ের সঙ্গে ওই ছাত্রী তখন কোচিংয়ে যাচ্ছিল।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রাতে বগুড়ার জেলা ও পুলিশ প্রশাসন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে টেলিফোনে সাদিয়ার বিষয়ে কথা বলেন। তিনি সাদিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে এবং দুষ্কৃতকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে শিবিরের নেতা-কর্মীরা আজ মঙ্গলবারের হরতালের সমর্থনে চেলোপাড়া মোড়ে ঝটিকা মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে পর পর চারটি ককটেল ফাটান। এ সময় সড়ক দিয়ে রিকশায় করে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল শহরের নারুলী এলাকার শহিদুল ইসলামের মেয়ে সাদিয়া। ককটেল বিস্ফোরণে সাদিয়া ও ফুটপাতের হকার পরেশ দাশ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে বগুড়ার মোহাম্মদ আলী এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সাদিয়ার বাবা শহিদুল ইসলাম ও মা জাহানারা বেগম। শহিদুল বলেন, ‘আমার মেয়ে তো কোনো অপরাধ করেনি। আমরা কোনো রাজনীতি করি না। কোন রাজনীতির খেলায় আমার মেয়ের এমন দশা হলো?’সাদিয়া কথা বলতে পারছিল না। তার বাবা শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সাদিয়ার মা মেয়েকে বিদ্যালয়ে আনা-নেওয়া করে। গতকাল জরুরি কাজ থাকায় যেতে পারেনি। সাদিয়াকে একা বাড়ি ফিরতে বলে। একা বাড়ি ফিরতে গিয়ে তার এমন দশা হলো।’সাদিয়ার মা কাঁদতে কাঁদতে বলেন, ‘এক দিন যেতে পারিনি। এতেই আমার মেয়ে হামলার শিকার হলো।’আহত আরেকজন পরেশ দাশ। তিনি জানান, তিনি বসে জুতা সেলাই করছিলেন। এ সময় একটি ককটেলের বিস্ফোরণ হলে তিনি দৌড় দেন। এ সময় ককটেলের বিস্ফোরণে তিনি ও এক স্কুলছাত্রী আহত হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বাজেদ আল হাসান বলেন, সাদিয়ার ঊরু ও হাতে আঘাত লেগেছে। আর পরেশ দাশের মাথা ও শরীরে জখম হয়েছে। আঘাত খুব গুরুতর নয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ হাসান বলেন, শিবিরের নেতা-কর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছিলেন। তাঁরা বেঁচে গেলেও ওই ছাত্রীসহ দুজন আহত হয়েছেন।