বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর দক্ষিণপাড়া গ্রামে নোমান মোল্লা (৬) নামের এক শিশুকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় গতকাল রোববার দুজনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী।এ ঘটনায় পুলিশ গিয়ে দুজনকে আটক করে। ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিপেটা এবং গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এসব ঘটনায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদসহ অন্তত ২০ জন আহত হয়েছে।শাজাহানপুর থানার পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, গত মঙ্গলবার চোপিনগর দক্ষিণপাড়া গ্রামের মাহবুবার রহমানের ছেলে নোমান বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এ ঘটনায় বৃহস্পতিবার শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহবুবার। ছেলেকে অপহরণ করা হয়েছে বলে তাঁর ধারণা।মাহবুবার এ ব্যাপারে পুলিশকে মৌখিকভাবে জানান, অপহরণের সঙ্গে তাঁর প্রতিবেশী আবদুল মাজেদ (২০) ও পাশের ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আবদুল খালেক (২২) জড়িত থাকতে পারেন। এ ঘটনায় গতকাল সকাল আটটার দিকে এলাকাবাসী খালেককে আটক করে পিটুনি দেয়। তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, কিছুক্ষণ পর লোকজন মাজেদকে আটক করে মারধর করে।চোপিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হামিদ বলেন, গ্রামবাসীর জেরার মুখে মাজেদ শিশু নোমানকে অপহরণের কথা স্বীকার করে জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি নোমানকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে খালেকের হাতে তুলে দেন। পরে খালেককে জেরা করলে তিনি নোমানকে হত্যার কথা স্বীকার করেন। খালেক জানান, লাশ মাজেদের বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে। হত্যার পর তাঁরা নিজেদের সন্দেহমুক্ত রাখতে ওই রাতেই নোমানের পরিবারের সঙ্গে থানায় জিডি করতে যান, এমনকি পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিতেও অংশ নেন।বিষয়টি জানার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। দুই গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে খালেক ও মাজেদকে ঘিরে ধরে। তারা খালেককে পিটুনি দেওয়া শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুজনকে আটক করে থানায় আনার চেষ্টা করে। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী বাধা দেয়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে খালেককে ছিনিয়ে নেয় এবং গাড়িতে অগ্নিসংযোগ করে তা পাশের জমিতে ফেলে দেয়। এতে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাধে। গ্রামবাসী পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে।একপর্যায়ে আশপাশের গ্রামের লোকজন জড়ো হলে পরিস্থিতি জটিল হয়। অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি শান্ত হয়। পরে খালেককে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত হওয়ায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুপুর সাড়ে ১২টার দিকে মাজেদের বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে শিশু নোমানের লাশ উদ্ধার করা হয়। এ সময় আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা ভেঙে পড়ে কান্নায়।পুলিশ তাৎক্ষণিকভাবে নোমান হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি। একাধিক সূত্র জানায়, গ্রাম্য বিরোধ উসকে দিতে নোমানকে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হয়।ইউপি সদস্য আবদুল হামিদ বলেন, ওই ঘটনায় জড়িত খালেক লোকজনের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, নোমানের দাদার সঙ্গে তাঁর ভাইদের বিরোধ সৃষ্টি করে মামলায় জড়ানোর জন্যই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তিনি।তবে অন্য একটি সূত্র জানায়, বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। অপহরণের পর হত্যার ঘটনায় নোমানের বাবা মাহবুবার গতকাল সন্ধ্যায় খালেক ও তাঁর বড় ভাই আবদুর রাজ্জাক এবং মাজেদকে আসামি করে মামলা করেছেন। খালেক ও মাজেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজ্জাক পলাতক। এএসপি বলেন, সংঘর্ষে ওসিসহ সাতজন পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ১২টি ফাঁকা গুলি ও ১১টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। অন্যদিকে সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৫০০ জনকে আসামি করে মামলা করেছেন।