বগুড়ার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘অ্যামবিশন’-এর উদ্যোগে তিন দিনের ‘অ্যামবিশন উৎসব ৩ অক্টোবর শেষ হয়েছে। উৎসব উপলক্ষে স্থানীয় উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ অক্টোবর উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সংস্কৃতি গবেষক ও সাহিত্যিক ফজলুল আলম। এরপর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃণালকান্তি সাহা, মোস্তফা আলী এবং আবদুল আলীম খান। সন্ধ্যায় আলোচনা সভায় অংশ নেন আইনুল হক, মোস্তফা আলী, এ বি এম জিয়াউল হক, সালেক উদ্দীন প্রমুখ। পরে অ্যামবিশন সম্মাননা ২০১০ প্রদান করা হয় ফজলুল আলম ও মৃণালকান্তি সাহাকে। সব শেষে ছোটদের নাট্যদল অ আ ক খ প্রযোজিত নীরেন্দ্র গুপ্তের নাটক ছেলেবেলা মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিন আলোচনা সভায় বক্তব্য দেন বজলুল করিম বাহার, মোস্তফা আলী, রবিউল আলম, তৌফিক হাসান, সালেক উদ্দীন, সাজেদুর রহমান প্রমুখ। এরপর অ্যামবিশন সম্মাননা প্রদান করা হয় মলয় ভৌমিক, তৌফিক হাসান, সালেক উদ্দীন, খলিলুর রহমান চৌধুরী, বাবুল আওরঙ্গজেব ও সাদেকুর রহমানকে। পরে প্রাকৃতজন প্রযোজনা সত্যের ইচ্ছা নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির প্রয়োগ ভাবনায় ছিলেন সেলিম রেজা। উৎসবের তৃতীয় দিন শুভেচ্ছা বক্তব্য দেন অভিনেতা শহীদুল ইসলাম সাচ্চু, আমিরুল ইসলাম, রবিন খান, আইনুল হক, জিয়াউল হক ও সালেক উদ্দীন। এদিন অ্যামবিশন সম্মাননা দেওয়া হয় বগুড়ার কৃতী সন্তান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, মোস্তফা আলী ও রবিউল আলমকে। সম্মাননা প্রদান করেন প্রবীণ অভিনেতা মাহফুজুল বারী। পুরো উৎসবের সহযোগিতায় ছিল মোবাইল টেলিফোন কোম্পানি বাংলালিংক এবং শীর্ষস্থানীয় ফুড বেভারেজ কোম্পানি মোজো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফ এম শাব্বির।বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাবার্ষিকী: বগুড়া লেখক চক্রের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৫ অক্টোবর। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দিন সকালে শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এরপর থাকছে আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, কবি আড্ডা, আলোচনা সভা, বইয়ের মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।