বগুড়ায় শ্রমিক লীগের দুই কর্মীকে হত্যা
বগুড়া শহরের নারুলী এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে জাতীয় শ্রমিক লীগের দুই কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁরা হলেন জাতীয় শ্রমিক লীগের বগুড়া সদরের সাবগ্রাম বন্দর শাখার সদস্য হাসানুজ্জামান ওরফে নাসিম (৩৫) ও ইসরাইল হোসেন ওরফে রঞ্জু (৪২)।এ ঘটনার পর সদর থানার পুলিশ গতকাল শনিবার নারুলী এলাকায় হাসানুজ্জামানের দোকানঘর থেকে একটি পিস্তল, দুটি গুলি ও দুটি হাঁসুয়া উদ্ধার করেছে।এর আগে সন্ত্রাসীরা ৯ সেপ্টেম্বর বগুড়ার গাবতলী পৌর যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম ও ১২ সেপ্টেম্বর যুবলীগের কর্মী নান্না মিয়াকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ওই দুটি ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।শ্রমিক লীগের নিহত কর্মীদের আত্মীয়স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শ্রমিক লীগের কর্মীদের নিয়ে নারুলী উত্তরণ হাইস্কুল-সংলগ্ন নিজের দোকানঘরে বসে গল্প করছিলেন হাসানুজ্জামান। রাত আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী এসে প্রথমে ইসরাইলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এ সময় সেখানে থাকা অন্যরা পালিয়ে যায় এবং হাসানুজ্জামান পাশে নির্মাণাধীন একটি বাথরুমে আশ্রয় নেন। সন্ত্রাসীরা সেখানেই তাঁকে উপর্যুপরি গুলি করে ও কুপিয়ে চলে যায়। পরে এলাকাবাসী রাত তিনটার দিকে ইসরাইল ও হাসানুজ্জামানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।খবর পেয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা শ্রমিক লীগের সভাপতি শামছুদ্দিন শেখসহ অন্য নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান।এলাকাবাসী ও হাসানুজ্জামানের ভাই আলম মিয়া জানান, বগুড়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে প্রতিদিন ৩০ টাকা করে চাঁদা আদায় ও এর শ্রমিক ইউনিয়ন গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে অন্য শ্রমিকদের সঙ্গে হাসানুজ্জামানের বিরোধ চলছিল। এ নিয়ে বা শ্রমিকনেতা মানিক হত্যাকাণ্ডের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।সদর থানা সূত্রে জানা গেছে, বিগত চারদলীয় জোট সরকারের আমলে পূর্ব বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মানিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন হাসানুজ্জামান। দেড় বছর আগে তিনি জামিনে মুক্তি পান।সদর থানার পুলিশ জানায়, হাসানুজ্জামান একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। আগে শ্রমিক দলের রাজনীতি করলেও বর্তমান সরকারের আমলে তিনি শ্রমিক লীগে যোগ দেন। সম্প্রতি বগুড়া জেলা ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠিত হলে এর সহসভাপতি নির্বাচিত হন তিনি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান প্রথম আলোকে জানান, মোটর শ্রমিকনেতা মানিক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন হাসানুজ্জামান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। গতকাল দুপুরে নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।