বগুড়ায় শ্রমিক লীগের ২ কর্মী খুন
বগুড়া শহরের নারুলী এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাতীয় শ্রমিক লীগের দুই কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত দুজন হলেন জাতীয় শ্রমিক লীগ সাবগ্রাম বন্দর কমিটির সদস্য নাসিম (৩৫) ও রঞ্জু (৪২)। নাসিম নারুলী এলাকার আনিছার রহমান ও রঞ্জু একই এলাকার ইসাহাক জোয়ারদারের ছেলে।নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে নারুলী উত্তরণ হাইস্কুল-সংলগ্ন একটি ক্লাবঘরে বসে শ্রমিক লীগের কয়েকজন কর্মী গল্প করছিলেন। রাত আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী ক্লাবঘরে ঢুকে প্রথমে রঞ্জুকে লক্ষ্য করে গুলি করে। রঞ্জু পিঠের নিচের দিকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্যরা যে যার মতো সরে গেলেও নাসিম আত্মরক্ষার্থে নির্মাণাধীন একটি বাথরুমে আশ্রয় নেন। সন্ত্রাসীরা তাঁকে সেখানেই গুলি করে ও কুপিয়ে হত্যা করে।গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলেও কেউ তাঁদের উদ্ধার করার সাহস পাননি। পরে রাত তিনটার দিকে স্থানীয় লোকজন দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।