বগুড়ায় সাত শিশু শিল্পীর সংগীতসন্ধ্যা
বগুড়ার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘উচ্চারণ একাডেমি’র সাতজন শিশু শিল্পীকে নিয়ে ‘সপ্তমী সুর’ নামে এক সংগীতসন্ধ্যা হয়ে গেল ৫ নভেম্বর। শীতের আগমনীর স্নিগ্ধতার সঙ্গে দীপাবলির বর্ণিল আলোতে বগুড়ার জেলা পরিষদ মিলনায়তনে উচ্চারণ একাডেমির সাত শিশু শিল্পীর সুরের মূর্ছনা দর্শকদের বিমোহিত করে তোলে।আশা জাগানো সাত শিশু হলো—পূর্ণতা, আসিফ, প্রিয়ন্তি, সিজান, জিম, রাইসা ও ব্রততী। দেশ, মাটি আর মানুষের গানের ঝর্ণাধারা তাদের কণ্ঠে বেজে ওঠে। ‘সোনা সোনা সোনা লোকে বলে সোনা’ দেশাত্মবোধক গানের মাধ্য দিয়ে শুরু হয় শিশুদের কণ্ঠে সংগীতসন্ধ্যা সপ্তমী সুর। দেশের গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লালনগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি আর ছড়াগান দিয়ে সাতজন শিশু শিল্পী মিলনায়তন ভরা দর্শকদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখে। সংগঠনের পক্ষ থেকে শিশুদের সংবর্ধিত করা হয়।আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে সংগীতানুষ্ঠানমরমি শিল্পী আব্বাসউদ্দীনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুদ্ধস্বর, বগুড়ার আয়োজনে সংবর্ধনা ও সংগীতানুষ্ঠান ৬ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।শুদ্ধস্বরের সভাপতি কবি শোয়েব শাহরিয়ারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে কালজয়ী শিল্পী আব্বাসউদ্দীনের ওপর আলোচনা করেন মহিলা সাংসদ অধ্যক্ষ খাদিজা খাতুন, শুদ্ধস্বরের উপদেষ্টা খন্দকার গোলাম কাদের, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি সালেক উদ্দিন, শুদ্ধস্বরের সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রমুখ।