বগুড়ায় সাবেক স্পিকারের সামনে বিএনপি-যুবদলের নেতাদের হাতাহাতি
বগুড়া-৬ (সদর) আসনের সাংসদ জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের উপস্থিতিতে বগুড়ায় বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় সড়ক ও জনপথ বিভাগের বিশ্রামাগার চত্বরে এ ঘটনা ঘটে।দলীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে সদর থানার বিএনপির নেতাদের সঙ্গে সদর থানার যুবদলের নেতাদের বিরোধ হয়। এর জের ধরে সড়ক ও জনপথ বিভাগের বিশ্রামাগার চত্বরে সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঙ্গে যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে যুবদলের নেতা অতুল বিএনপির নেতা মাহবুবুর রহমানকে মারপিট শুরু করেন। খবর পেয়ে মাহবুবুরের কর্মী-সমর্থকেরা বিশ্রামাগারে আসেন। সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জমির উদ্দিন সরকার ঢাকার উদ্দেশে রওনা হন।এ ব্যাপারে বিএনপির নেতা মাহবুবুর রহমান জানান, সদর থানা বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়। সেখানে সদর থানা যুবদল প্রতিটি ইউনিয়নে একজন করে কাউন্টার প্রার্থী দিয়েছে। এ বিষয় নিয়ে অতুলের সঙ্গে কথা বলতে গেলে তিনি তাঁর ওপর চড়াও হন। অতুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, বিএনপির লোকজন নিজেরাই গোলমাল শুরু করেছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।