বগুড়ায় সার মজুদের দায়ে দুজনের জরিমানা
বগুড়ার শেরপুরে অবৈধভাবে পটাশ সার মজুদ করে রাখার দায়ে দুজনকে জরিমানা করা হয়েছে। উদ্ধার করা সার বাজেয়াপ্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মাহবুবুর রহমান গতকাল মঙ্গলবার সার বাজেয়াপ্তের আদেশ দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—স্থানীয় বেটখৈর হাইস্কুলের শিক্ষক শফিকুল ইসলাম (৪০) এবং বেটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমত আলী আকন্দ (৬৫)। তাঁদের বাড়ি নিশিন্ধারা গ্রামে।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে শফিকুল ইসলামের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৫০ বস্তা পটাশ সার এবং রহমত আলী আকন্দের বাড়ি থেকে আরও ৫০ বস্তা পটাশ সার উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত সার বাজেয়াপ্ত করাসহ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামকে আট হাজার এবং রহমত আলী আকন্দকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বাজেয়াপ্ত ১০০ বস্তা পটাশ সার থানার পুলিশের হেফাজতে রাখা হয়েছে।