বগুড়ায় সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে আজ শনিবার তিনজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগা সেতুর রেলিং ভেঙে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস আজ ভোর পাঁচটার দিকে ঘোগা সেতুতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে সেতুর রেলিং ভেঙে বাসটি ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। শেরপুর থানা পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও দুজন মারা যান। শেরপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।