বগুড়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক অবক্ষয় রোধ ও স্বনির্ভরতা অর্জনে স্বেচ্ছাশ্রমে খাল খনন শুরু করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুর গ্রামের একদল যুবক। ওই খাল খনন করা হলে খালে মাছ চাষ করে যুবকদের বাড়তি আয়ের পাশাপাশি বোরো মৌসুমে এলাকার প্রায় দেড় শ একর জমি সেচসুবিধার আওতায় আসবে। পারতেখুর গ্রামের যুবক আতিকুজ্জামান সজীব স্থানীয় যুবকদের সংগঠিত করে প্রতিষ্ঠা করেছেন পারতেখুর মত্স্যজীবী বহুমুখী সমবায় সমিতি। তাদের উদ্দেশ্যে অন্ধকার ছেড়ে যুবসমাজকে আলোর পথে আনা। ওই সূত্র ধরে তারা কয়েক দিন ধরে শুরু করেছে এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ। খড়না, ডোমনপুকুর,পারতেখুর ও সাজাপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া খালটি তারা বেছে নিয়েছে। খাল খননের মাটি দিয়েই দুই ধারে বাঁধ নির্মাণ করছে। বর্ষার জমে থাকা বৃষ্টির পানি খরায় বোরোর সেচ মৌসুমে এই খাল থেকে তুলে ব্যবহার করা হবে। এতে করে এই এলাকার দেড় শ একর জমি বোরো চাষের সেচসুবিধা পাবে। খাল খননকাজের নেতৃত্ব দানকারী আতিকুজ্জামান বলেন, ‘আমি এমন কিছু করতে চাই, যাতে এলাকার যুবকেরা বেকার না থাকে। খালে মাছ চাষের পাশাপাশি দুই পাশে সবজি চাষ করা হবে। সবার সহযোগিতা পেলে অবশ্যই এই প্রকল্প সফল হবে।’ তিনি আরও জানান, তাঁর এই সমিতিতে ৬০ জন সদস্য আছেন। তাঁরা সবাই স্বেচ্ছাশ্রমের ভিওিতে ওই খননকাজ করবেন। সপ্তাহে দুই দিন তাঁরা কাজ করবেন। সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, এই কাজ সম্পন্ন হলে শুধু তাঁরা নন, আরও অনেকেই উপকৃত হবেন। খরনা গ্রামের আবদুল কাদের মণ্ডল বলেন, খালে দীর্ঘদিন ধরে পানি থাকে না। ১০ বছর আগে তিনি তাঁর জমিতে ফসল চাষ করেছেন। তারপর আর পানি না থাকার কারণে জমি চাষ করতে পারেননি। তিনি বলেন, ‘বর্ষার সময় ধান লাগালে সেই ধানও পানিতে তলিয়ে যায়। কয়েক দিন ধরে দেখছি এই এলাকার কিছু যুবক খাল খনন করছেন। যদি এই খাল ঠিকমতো খনন করা হয়, তাহলে আমাদের খুব উপকার হবে। এলাকার যুবকদের কাজে আমরা উত্সাহ দিচ্ছি।’ মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম যুবকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সরকারের পাশাপাশি যুবকেরা সেবামূলক কাজে এগিয়ে এলে অনেক সমস্যা দূর হবে।’ শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলী বলেন, ‘শুনেছি কয়েকজন যুবক খাল খনন করছেরন। কীভাবে করছেন তা জানা নেই।’ শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মো. আবদুস সামাদ বলেন, ‘খালটি সরকারি কি না, তা কাগজপত্র দেখে বলা যাবে। খাল হলে তা আইন অনুযায়ী বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে যুবকেরা যে উদ্যোগ নিয়েছেন, তাতে তাঁদের সাধুবাদ জানাই।’