বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা
বগুড়ায় খায়রুল আনাম ওরফে রেক্কাত (২৮) নামে শহর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত খায়রুল আনাম শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। আজ সোমবার দুপুরের দিকে এ হত্যাকাণ্ড ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর পৌনে ১২টার দিকে খায়রুল আনাম শহরের রহমান নগরে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স রেক্কাত ট্রেডার্সে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে খায়রুলের মাথা ও বুকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ওই দোকানের ব্যবস্থাপক রাসেল মিয়া খায়রুলকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। দুপুর দুইটার দিকে অস্ত্রোপচারের সময় তাঁর মৃত্যু হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান জানান, কী কারণে খায়রুলকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছকির উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জের হিসেবে ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।