বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজি নিহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় টেম্পোযাত্রী চাচা-ভাতিজি নিহত এবং তিনজন আহত হয়েছে। উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়ার শেরপুর উপজেলার দড়িপাড়া গ্রামের আবদুল হান্নান (৩০) তাঁর ভাতিজি মেঘলাকে (৭) নিয়ে টেম্পোতে করে নয়মাইল এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছিল। মেঘনা ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সকাল সাড়ে সাতটার দিকে টেম্পোটি স্কুলের কাছাকাছি নয়মাইল বাজারে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাচা-ভাতিজির মৃত্যু হয়। আহত হয় মেঘলার মা রত্না বেগম (৩০), একই স্কুলের শিক্ষার্থী কানন (৭) ও কলি (৭)। দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যায়। স্থানীয় জনগণ নয়মাইল বাজারে ট্রাফিক পুলিশ রাখা এবং গতিরোধক স্থাপনের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকা অবরোধ করে। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সকাল সাড়ে নয়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল শুরু হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।