বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে বাসের চাপায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা শহরের ধুনট রোড এলাকায় গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাদশা মিয়া জানান, গতকাল রাত ১০টার দিকে রিকশাচালক চারজন যাত্রী নিয়ে শহরের ধুনট রোডে আসছিলেন। এ সময় বগুড়াগামী একটি বাস রিকশাটিকে পেছন থেকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই রিকশার যাত্রী উপজেলার খন্দকারটোলা গ্রামের আবদুল মোমিনের ছেলে তারেক (১৫) মারা যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান রিকশাচালক ঘোলাগাড়ী কলোনি গ্রামের আমিরুল ইসলাম (৫০)। দুর্ঘটনায় আহত হন খন্দকারটোলা গ্রামের মুরাদ (১৮), বরইতলী গ্রামের মিলন (২৮) ও তার মেয়ে মিম (৪)। বাদশা মিয়া আরও জানান, দুর্ঘটনায় নিহত তারেকের নানা আবদুল্লাহ শেখ বাদী হয়ে রাতেই মামলা করেছেন। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী জেবি ডিলাক্স নামে ওই বাসটি আটক করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।