বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নাটোর মহাসড়কের জামাদার পুকুরে এক সড়ক দুর্ঘটনায় পুলিশের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের ছয় সদস্য। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—কনস্টেবল আসলাম, উত্পল, আবদুর রউফ, আবদুর রাজ্জাক এবং অজ্ঞাতনামা পিকআপ ভ্যানচালক। নিহত সবার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কাল শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দায়িত্ব পালনের উদ্দেশে ওই পুলিশ সদস্যরা একটি পিকআপ ভ্যানে করে সেখানে যাচ্ছিল।পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া পুলিশ লাইন থেকে ১০ জন পুলিশ সদস্যকে নিয়ে পিকআপ ভ্যানটি নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেয়। পথে ওই স্থানে রাজশাহী থেকে রংপুরগামী খান এন্টারপ্রাইজ নামের একটি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য এবং ভ্যানচালক নিহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই কনস্টেবল আবদুর রাজ্জাক মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। বিকেল চারটায় একটি পুলিশ ভ্যানে নিহতদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা কান্নায় ভেঙে পড়েন। দুর্ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পুলিশ কোচটি আটক করেছে।