বগুড়ায় হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের সাতমাথায় আমজাদিয়া বোর্ডিং নামে একটি হোটেল থেকে পুলিশ শিউলী আক্তার (২৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিউলী ও শাহরিয়ার স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে এ হোটেলের নয় নম্বর কক্ষে ওঠে। হোটেলের খাতায় তাঁদের ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার পাকুরিয়া গ্রাম লিপিবদ্ধ করা হয়। দুপুরের দিকে শাহরিয়ার ঘরে তালা দিয়ে বাইরে খাবার আনতে যান। কিন্তু তিনি আর ফিরে না আসায় রাত সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। রাত তিনটার দিকে পুলিশ কক্ষের তালা ভেঙে বিছানায় পড়ে থাকা শিউলীর লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।এ ব্যাপারে মামলা করা হবে উল্লেখ করে খালেকুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।