বগুড়ায় ১২৬৪ বস্তা ওএমএসের চাল উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার পীরগাছা বাজারের একটি চালকল থেকে এক হাজার ২৬৪ বস্তা ওএমএসের চাল উদ্ধার করেছেন র্যাব-১২-এর সদস্যরা। আজ সোমবার সকালে বগুড়া থেকে চট্টগ্রামে পাচারের সময় এগুলো উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চালকলের মালিক ইমরান হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর সদস্যরা গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা আলী রেজা মজিদের সহযোগিতায় আজ সকাল সাড়ে সাতটার দিকে পীরগাছা বাজারের পাশে চালকলে অভিযান চালায়। ওই চালকলে খোলা বাজারে বিক্রির চাল পাওয়া যায়। চালের মধ্যে ৫০ কেজির এক হাজার ২৪ বস্তা এবং ৮৫ কেজির ২৪০ বস্তা চাল পাওয়া যায়। পরে চালকলের মালিক একই উপজেলার কাগইল ইউনিয়নের মাঝিকোলা গ্রামের ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা চালের মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা বলে র্যাব জানিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।