বগুড়ায় ১৩ শিবিরকর্মী গ্রেপ্তার
সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করার সময় আজ সোমবার দুপুরে ১৩ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানার পুলিশ। গত বছরের ২০ ডিসেম্বর সরকারি আযিযুল হক কলেজে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন সামিরুল ইসলাম (২২), আকরাম হোসেন (১৮), ইদ্রিস আলী (২২), সাব্বির হোসেন (২৬), জয়নাল আবেদীন (২৪), খায়রুল ইসলাম (১৭), জহুরুল ইসলাম (১৯), ওয়াহাব আলী (১৯), তানজিন মণ্ডল (১৮), রুবেল রানা (২১), রুহুল আমিন (২০), আরিফুল ইসলাম (২৬) ও মোহাম্মদ কাফি (২৫)।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা দুইটার দিকে ইসলামী ছাত্রশিবির শহরের গোহাইল সড়কের পৌর উদ্যান থেকে একটি মিছিল বের করে। মিছিলের ব্যানারে লেখা ছিল ‘জাতীয় নেতৃবৃন্দের নামে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল। মিছিলে বিভিন্ন ধরনের সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের সাতমাথা হয়ে সার্কিট হাউস সড়ক দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সামনে পৌঁছালে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে ১৩ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা প্রশাসনের অনুমতি না নিয়ে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল বের করে। সেখান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সরকারি আযিযুল হক কলেজে সংঘর্ষের ঘটনায় মামলায় দেখানো হয়েছে।