বগুড়ায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আজ রোববার ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই আজ বিএনপি গণমিছিল ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ করতে পারেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বনির্ধারিত গণমিছিল আজ বিকেল তিনটার দিকে স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বের হওয়ার কথা ছিল।আর গতকাল শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগ জরুরি সভা ডেকে শহরের সাতমাথায় একই সময়ে মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। দুই পক্ষের কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বগুড়া জেলা প্রশাসন আজ সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত বগুড়া শহর এলাকায় সব ধরনের মিছিল, সমাবেশ, মানববন্ধন, পথসভা ও গণজমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে।বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে।বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, গণমিছিলের সময় পরিবর্তন করে কাল নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণমিছিল স্থগিত করা হয়েছে।জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুপুরে দলীয় কার্যালয়ে জরুরি মতবিনিময় সভায় বলেন, ১৪৪ ধারার কারণে তাঁদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। যদি কেন্দ্র থেকে জরুরি কোনো নির্দেশ আসে, তাহলে জরুরি ভিত্তিতেই কর্মসূচির দিনক্ষণ নির্ধারণ করা হবে।