বগুড়ায় ২১ মাসে শাসক দলের ২০ কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদ নির্বাচনের পর গত প্রায় ২১ মাসে বগুড়া জেলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২০ জন নেতা-কর্মী খুন হয়েছেন। অধিকাংশ খুনের ঘটনাই ঘটেছে অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, মাদক ও বালু ব্যবসা নিয়ে। এই ২০ খুনের ঘটনায় পুলিশ মাত্র ১১ আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে। তাঁদের তিনজন জামিনও পেয়েছেন। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কগ্রস্ত এলাকার বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীরা। আসামি গ্রেপ্তার না হওয়া সবচেয়ে উদ্বেগের বিষয়। দলীয় আদর্শ থেকে বিচ্যুত কিছু রাজনীতিবিদের অর্থলিপ্সার কারণেই খুনের ঘটনা বাড়ছে বলে তাঁরা ধারণা করছেন। জানা যায়, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে গত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হওয়া ২০টি হত্যাকাণ্ডের ১১টিই হয়েছে বগুড়া শহরে। পাঁচটি ধুনট, দুটি নন্দীগ্রাম ও দুটি গাবতলী উপজেলায়। খুন হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের পাঁচজন, যুবলীগের আট, ছাত্রলীগের তিন, শ্রমিক লীগের দুই, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের একজন করে নেতা-কর্মী রয়েছেন। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর রাতে শহরের নারুলীতে খুন হন জাতীয় শ্রমিক লীগের কর্মী হাসানুজ্জামান নাসিম ও ইসরাফিল হাসান। নাসিমের বড় ভাই ইফতেখারুল আলম বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা জামিলুর রহমানসহ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।জেলা যুবলীগের এক শীর্ষস্থানীয় নেতা স্বীকার করেন, এসব ঘটনায় তাঁদের দলের লোক জড়িত। জড়িত আছে বিরোধী দলের লোকও। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পুলিশ আসামিদের ধরছে না। তবে পুলিশ সুপার হুমায়ুন কবির এসব অভিযোগ অস্বীকার করেছেন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা উদ্বিগ্ন। ব্যক্তিগত রেষারেষি, ভাগ-বাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে এসব হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের দুর্বলতার সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা।’এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও বগুড়া চেম্বারের সাবেক সভাপতি আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা শঙ্কার মধ্যে আছি। এমনিতে গ্যাস-বিদ্যুৎসংযোগ না দেওয়ায় শিল্প-কারখানা গড়ে উঠছে না। এর মধ্যে এভাবে হত্যাকাণ্ড ঘটলে কে এখানে বিনিয়োগ করতে আসবে?’২০১০ সালে ১১ হত্যাকাণ্ড: পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউছুফ আলীকে হত্যা করেন নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন হাবিবুরকে পিটিয়ে হত্যা করে। ওই মাসের শেষের দিকে শহরের নারুলী এলাকায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে খুন হন কৃষক লীগের বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ। এক মাসের মধ্যে মার্চে একই এলাকায় খুন হন ছাত্রলীগের কর্মী সংলাপ। এক মাস না যেতেই ২৭ এপ্রিল রাতে শহরের মাটিডালি এলাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে নিজ দলের নেতা-কর্মীদের ছুরিকাঘাতে খুন হন বগুড়া সদরের রাজাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম। মামলার এজাহারভুক্ত আসামিরা আজও ধরা পড়েনি।এক মাস পরই ৪ জুন রাতে শহরের শিববাটি সেবক সমিতির ভেতরে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেনকে। মামলার এজাহারে বলা হয়, বালু ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাখাওয়াতকে খুন করে শহর যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর খৈয়ামের নেতৃত্বে কিছু লোক। এ হত্যার দেড় মাসের মধ্যে ছয় আসামির তিনজন গ্রেপ্তার হয়। ওমর খৈয়াম পরে আদালতে আত্মসমর্পণ করলে জামিনে মুক্তি পান। মুক্তির দিনই পুলিশ আদালত চত্বর থেকে তাঁকেসহ বাকি তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের তথ্য অনুযায়ী, পুলিশ একটি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করে।সাখাওয়াত হোসেনের বাবা শাজাহান আলী জানান, ওমর খৈয়ামের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ছেলেকে হত্যা করেছে। খৈয়ামকে বাঁচাতে নানা চেষ্টা করা হচ্ছে। দলের একটি অংশ সেই চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। ওমর খৈয়াম পুলিশের হাতে ধরা পড়ার পর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা সাংবাদিকদের কাছে স্বীকারও করেন। গত ১৪ আগস্ট সন্ধ্যায় শহরের মালতিনগরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে খুন করে যুবলীগের কর্মী রোকনুজ্জামানকে। এ হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা এবং বিএনপির নেতা ও পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ার জড়িত বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। সিপারসহ ১১ জনের নামে মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।নিহত রোকনুজ্জামানের চাচা মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, সন্ধ্যার সময় সবার চোখের সামনে সিপারের নেতৃত্বে তাঁর ভাইসহ অন্যরা রোকনুজ্জামানকে হত্যা করে। অথচ পুলিশ নীরব। সিপারকে বাঁচাতে একটি মহল পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ সম্পর্কে সিপার আল বখতিয়ার বলেন, রোকনুজ্জামান হত্যার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। বিএনপি করার কারণেই তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। আগামী পৌর নির্বাচনে যাতে তিনি প্রার্থী হতে না পারেন, সে জন্য একটি চক্র এ কাজ করেছে।এক মাস পর গত ৯ সেপ্টেম্বর দুপুরে গাবতলী পৌর যুবলীগের সভাপতি তারিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তারিকুলের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, গাবতলী পৌর মেয়র ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদ মিল্টনের নেতৃত্বের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আসামিরা এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ গ্রেপ্তার করছে না। মোরশেদ মিল্টন দাবি করেন, যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটলেও তাঁকে প্রধান আসামি করা হয়েছে। দিনের বেলা এ ঘটনা ঘটেছে। সবাই দেখেছে, কে কাকে মেরেছে। অথচ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এ মামলায় তাঁকে জড়ানো হয়েছে। তিন দিন পর ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের সুলতানগঞ্জপাড়ায় গুলি করে ও ছুরিকাঘাতে খুন করা হয় যুবলীগের বগুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড কমিটির সদস্য নান্না মিয়াকে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও এজাহারভুক্ত আসামিরা এখনো ধরা পড়েনি। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে নান্না খুন হন বলে জানা যায়।২০০৯ সালে নয়টি হত্যাকাণ্ড: ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন পর ২০০৯ সালের ১ জানুয়ারি বগুড়ার ধুনট উপজেলায় খুন হন আওয়ামী লীগের কর্মী লাল মিয়া ও তাঁর ছোট ভাই নয়া মিয়া। ওই মাসের ১৯ তারিখে বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে খুন হন ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য সবুজ। সবুজের বাবা আবদুল গফুর প্রথম আলোকে বলেন, পুলিশ ঠিকমতো তদন্ত করে না বলে সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যায়। হত্যাকারীদের পুলিশ গ্রেপ্তার করলেও পরে তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন। এখন বাইরে এসে সাক্ষীদের ভয় দেখাচ্ছেন। ২৩ ফেব্রুয়ারি ওই ছয় নম্বর ওয়ার্ডের চেলোপাড়া এলাকার ছাত্রলীগের কর্মী সুমন চৌধুরীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সুমনের ভাই বাপ্পী চৌধুরী বলেন, ‘পুলিশ আসামিদের দীর্ঘদিনেও গ্রেপ্তার করতে পারেনি। অথচ তারা এলাকায় ঘুরে বেড়িয়েছে। পরে তারা জামিন নিয়ে এখন আমাদেরই হুমকি দিচ্ছে। এ জন্য বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ওই বছরের মাঝামাঝি সময় শহরের ফুলবাড়ী এলাকায় খুন হন যুবলীগের কর্মী লিটন। ৩ জুলাই ধুনটে আওয়ামী লীগের কর্মী তাইজুল ইসলাম ও আবু সায়েমকে হত্যা করা হয়। একই উপজেলায় চার মাস পর ২৮ নভেম্বর খুন হন ধুনট পৌর এলাকার আট নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি তপন কুমার। তপন হত্যা মামলার তিন আসামি এখন কারাবন্দী।গাবতলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খুন হন ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর। মামুনের ভাই বকুল মিয়া প্রথম আলোকে বলেন, ঘটনার পর বিএনপির ২১ জন নেতা-কর্মীর নামে মামলা হয়। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের উদ্বেগ: বগুড়ায় সুজনের সভাপতি আল মাহমুদ মনে করেন, হত্যার ঘটনাগুলোর সঠিক তদন্ত হচ্ছে না। সন্ত্রাসীরা ধরা পড়ছে না বলেই পরিস্থিতি শোচনীয় হচ্ছে।বগুড়ার বিশিষ্ট শিল্পপতি আমজাদ হোসেন বলেন, ক্ষমতাসীন দলের লোকজনই এসব খুনোখুনি করছে। কিন্তু পুলিশের ভূমিকা আমরা বুঝতে পারছি না। হয়তো তাদের কোনো দুর্বলতা আছে।বগুড়ায় জ্যেষ্ঠ আইনজীবী আফতাব উদ্দিন আহম্মেদ বলেন, এসব খুনোখুনিতে যারা জড়িত, তাদের কাছে রাজনৈতিক আদর্শের চেয়ে অর্থই বড়। অর্থের জন্যই নিজেরা নিজেদের লোকদের হত্যা করছে।বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম মনে করেন, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা সন্ত্রাসীরা বেপরোয়া হয়েছে রাজনীতিবিদদের জন্যই। এসব রাজনীতিবিদের সঙ্গে পুলিশের সখ্যের কারণে বগুড়া এখন লাশের শহরে পরিণত হয়েছে।পুলিশের ব্যর্থতা: বগুড়ার রাজনীতিবিদেরা একের পর এক হত্যার জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় জানান, পুলিশের ব্যর্থতার কারণে হত্যা মামলার আসামিরা ধরা পড়ছে না। সরকারকে বেকায়দায় ফেলতে এসব করা হচ্ছে। তিনি অবশ্য স্বীকার করেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে নিজ দলের লোক যেমন রয়েছে, তেমনি বিরোধী দলের লোকজনও রয়েছে।’জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান রেজাউল করিমও পুলিশকে দায়ী করেন। তিনি বলেন, বগুড়ার এ অবস্থার জন্য পুলিশ দায়ী। তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতা জুয়েল হত্যা মামলার আসামি ওমর খৈয়াম যদি আত্মসমর্পণ না করত, তাহলে সেও ধরাছোঁয়ার বাইরে থাকত।’ আগে এমন অবস্থা ছিল না দাবি করে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘বগুড়ায় এখন ভয়ংকর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি। প্রশাসনের ব্যর্থতার কারণে এসব হচ্ছে।’অভিযোগ অস্বীকার: পুলিশের ব্যর্থতার অভিযোগ স্বীকার করছেন না পুলিশ সুপার (এসপি) হুমায়ুন কবির। তিনি বলেন, হত্যাকাণ্ডের পরপরই আসামিরা গাঢাকা দেয়। মুঠোফোনের সিম পাল্টায়। তিনি বলেন, ‘আমরা ঢাকা ও সীতাকুণ্ড থেকেও হত্যা মামলার আসামি ধরে এনেছি। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছি। পুলিশ একেবারে নীরব এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে—এ কথা ঠিক নয়।’ আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে রাজনৈতিক চাপ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো চাপ নেই।’বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আরিফুর রহমান মণ্ডল বলেন, বালু ও ফেনসিডিল ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটেছে। তার পরও খুনি যে দলেরই হোক, গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে সাখাওয়াত হোসেন হত্যা মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গাবতলীতে তারিকুল হত্যা ও বগুড়া শহরে রোকনুজ্জামান হত্যার সঙ্গে বিএনপির নেতা-কর্মী জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারিক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া রোকনুজ্জামান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য ঢাকায় একাধিক অভিযান চালানো হয়েছে। তিনি জানান, বেশির ভাগ হত্যাকাণ্ডের আসামিরা ধরা পড়েনি এটা সত্য, তবে তাদের ধরার চেষ্টা চলছে।