বগুড়ায় ৪ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বহুল আলোচিত যুবলীগের নেতা রামানন্দ দাস হত্যা মামলার রায়ে চার আসামিকে ফাঁসির আদেশসহ ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।এ ছাড়া ওই মামলার অন্য ছয় আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।আজ সোমবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত ৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। তবে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ফাঁসির রায় কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চারজন হলেন শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের হবিবর রহমানের ছেলে আবদুল ওরফে আবিদুর, বৃ-কুষ্টিয়া গ্রামের রেজা মিয়ার দুই ছেলে মোহাম্মদ মাজেদ ও আবদুল মতিন ওরফে মতি (পলাতক) এবং একই গ্রামের আজিজার রহমানের ছেলে আনোয়ার হোসেন (পলাতক)।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের মনি সাহার ছেলে রিপন সাহা (পলাতক), একই গ্রামের হবিবর রহমানের ছেলে মজনু মিয়া (পলাতক), বৃ-কুষ্টিয়া গ্রামের বাদিতুল্লাহ ওরফে খোকার ছেলে জুয়েল, দিলু কসাইয়ের ছেলে শফিকুল ইসলাম (পলাতক), রইচউদ্দিনের ছেলে বকুল ও আড়িয়া উত্তরপাড়া গ্রামের গোলাম রহমানের ছেলে রঞ্জু মিয়া ওরফে খালেক।আদালত সূত্র জানায়, শাজাহানপুর উপজেলার ডেমাজানি কলেজের এক ছাত্রীকে আসামিরা উত্ত্যক্ত করলে শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রামানন্দ দাস এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।এ ঘটনার জের ধরে ২০০৩ সালের ৯ নভেম্বর রাত নয়টায় রামানন্দ দাস ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ডেমাজানি বাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুলের চায়ের দোকানে হামলার শিকার হন। অভিযুক্ত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় রামানন্দকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় রামানন্দ দাসের ভাই নিত্যচন্দ্র দাস বাদী হয়ে তত্কালীন মাঝিড়া থানায় (শাজাহানপুর) মামলা করেন। মামলাটি পরে সিআইডি পুলিশের কাছে যায়। সিআইডি পুলিশের উপপরিদর্শক মনজিল মোরশেদ ভূঁইয়া তদন্ত শেষে ২০০৭ সালের ১১ নভেম্বর ২০ জনকে অভিযুক্ত করে ওই মামলার চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন।