বগুড়ায় ৬ আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় চালককে খুন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার হয়েছে। পুলিশ গতকাল বুধবার রাতে বগুড়া ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়ার মন্টু মাতব্বর ওরফে বাবু ডাকাত (৩৭), পুরান বগুড়ার শহিদুল (৩৬), বগুড়া শহরের চকসূত্রাপুরের নবি নেওয়াজ খান (৩৮), সোনাতলার আলমগীর হোসেন ওরফে আপেল (২৭), একই এলাকার রিপন (২২) এবং রংপুরের পীরগাছার ইউনুছ আলী (২৬)। এঁদের মধ্যে মন্টু মাতব্বরের বিরুদ্ধে বগুড়া ও পাবনার বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পাবনা সদর হাসপাতালের সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, গত ২ জুন তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা করে বগুড়া রওনা দেয়। তারা বগুড়া শহরতলির মাটিডালী দ্বিতীয় বাইপাস এলাকায় গিয়ে অটোরিকশাটি ছিনতাই করে। পরে সেটি বিক্রির টাকার ভাগ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পুলিশ শহিদুলকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই ছয়জন গ্রেপ্তার হয়।