বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
বগুড়া শহরের রবিবাড়িয়া এলাকায় আজ মঙ্গলবার সকালে র্যাবের গুলিতে রাঙ্গা (২৪) নামের একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, রাঙ্গাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তাঁর সহযোগীদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধের সময় এ ঘটনা ঘটে।ঘটনা সম্পর্কে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, আজ সকাল আটটার দিকে র্যাব-১২ এর একটি দল রাঙ্গাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য শহরের রবিবাড়িয়া এলাকার নার্সারিতে যায়। এ সময় রাঙ্গার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে রাঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়। র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরীর দাবি, ঘটনাস্থল থেকে র্যাব একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করে। র্যাব জানায়, গতকাল সোমবার বিকেলে র্যাব ক্রেতা সেজে রেজাউল ও শাকিল নামের দুজনকে বগুড়া শহরের লতিফপুর থেকে গ্রেপ্তার করে। তাঁদের জিজ্ঞাসাবাদে র্যাব শহরের লতিফপুর এলাকা থেকে পাঁচটি হাতবোমা এবং খানদার এলাকা থেকে একটি পিস্তল উদ্ধার করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল রাতে রাঙ্গাকে গ্রেপ্তার করা হয়।রাঙ্গার বাবার নাম ফারজান আলী। তাঁদের বাড়ি বগুড়ার মালতীনগরের পাইকারপাড়ায়।