বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার অভিযোগে দুই ইমাম গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে লিফলেট বিতরণের অভিযোগে গতকাল শনিবার দুই ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আজ রোববার তাঁদের আদালতে পাঠিয়েছে।গ্রেপ্তার দুজন হলেন বোয়ালমারী পৌর এলাকার বায়তুল হামদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ছোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আবুল হাসান (৫২) এবং গুণবাহা তালতলা মসজিদের ইমাম মো. রবিউল ইসলাম (৩২)। তাঁদের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামে। গতকাল দুপুরে হাসানকে বোয়ালমারীর গুণবাহার ভাড়া বাসা থেকে এবং রবিউলকে তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দুই ইমামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) হাশেমুজ্জামান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। রিমান্ড চেয়ে তাঁদের জেলার মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।