দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ টুর্নামেন্ট আয়োজন করে। আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের খুলনা মহানগর পর্যায়ের খেলা ২৫ অক্টোবর জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সত্যেন্দ্র কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আজমল আহমেদ। টুর্নামেন্টের খুলনা মহানগরে কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কবীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাফায়েত আলম, মহানগরে কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবু সালেহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. মোতালেব মিয়া প্রমুখ।মহানগরে পর্যায়ের খেলায় মোট ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নিচ্ছে। দাকোপ: খুলনার দাকোপে টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের উদ্বোধনী খেলা ২৩ অক্টোবর চালনার আবুল হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে এ খেলা উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নরেন্দ্রনাথ মৈত্র, সহকারী শিক্ষা কর্মকর্তা মিনার কান্তি বিশ্বাস, লোকেন্দ্রনাথ বর্মণ প্রমুখ।উদ্বোধনী দিনের প্রথম খেলায় রাসখোলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চালনা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপর খেলায় কালীনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৬-৩ গোলে খাটাইল রেজি. প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।রূপসা: টর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলায় রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নৈহাটি ইউনিয়নের রহমত নগর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ২০ অক্টোবর অনুষ্ঠিত ফাইনালে তাঁরা ১-০ গোলে জাবুসা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মো. মহিউদ্দিন এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় বাগমারা দক্ষিণ পাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের আল আমিন।কয়রা: কয়রা উপজেলায় টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা ২৫ অক্টোবর শুরু হয়েছে। উপজেলা মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জি এম মহসীন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধীর কৃষ্ণ মণ্ডল, মুক্তিযোদ্ধা জি এম মতিউর রহমান, শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, শাহ এবাদত হোসেন প্রমুখ।কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনি উপজেলায় ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল ২৭ অক্টোবর কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজমাঠে অনুষ্ঠিত হয়েছে।প্রথম সেমি ফাইনালে কানুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। দ্বিতীয় সেমি ফাইনালে দক্ষিণ কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।আমতলী (বরগুনা): বরগুনার আমতলী উপজেলায় ২৬ অক্টোবর একে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টর্নামেন্টের ফাইনাল খেলা গোল শূন্য ড্র হয়েছে। টুর্নামেন্টের আয়োজক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমতলী একে হাই স্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ উভয় দলকে বিজয়ী ঘোষণা করে। ঝালকাঠি: ঝালকাঠি পুরান স্টেডিয়ামে ২৫ অক্টোবর ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে ১৪টি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। ঝালকাঠি পৌরসভার মেয়র আবদুল হালিম গাজী এ টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান, পৌরসভার কাউন্সিলর মো. ইউসুফ আলী খান প্রমুখ। উদ্বোধনী দিনে ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী প্রথম ম্যাচে সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পশ্চিম চাঁদকাঠি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: গৌরনদী উপজেলায় ২৫ অক্টোবর স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনুস ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন করেছেন। এ উপলক্ষে বাটাজোর অশ্বিনী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম সামচুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস মিয়া, থানার ওসি মো. নুরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কালিয়া দমন গুহ। বক্তব্য দেন বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাওলাদার, এস এম শহিদুল হক প্রমুখ।