দেশের বিভিন্ন স্থানের মতো খুলনা ও চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চলছে। আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গার বিভিন্ন মাঠে ফাইনাল অনুষ্ঠিত: চুয়াডাঙ্গার চারটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে বিভিন্ন খেলার মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ১৮ অক্টোবর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে টুর্নামেন্টের পৌর এলাকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হাজরাহাটি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দলের পক্ষে একমাত্র গোল করে সোহানুর রহমান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। হাজরাহাটি প্রাথমিক বিদ্যালয়ের হাবিবুর রহমান ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়। শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আকবর হোসাইন, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন। একই দিন সদর উপজেলার আলোকদিয়া মাঠে অনুষ্ঠিত খেলায় আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান বেগম। আলমডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পৌর মেয়র মীর মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুস সালাম পুরস্কার বিতরণ করেন। আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ফুটবল মাঠে অনুষ্ঠিত আঞ্চলিক খেলায় মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির। হারদী ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় ওসমানপুর-লক্ষ্মীপুর রেজি. প্রাথমিক বিদ্যালয় ৫-৩ গোলে হারদী রেজি. প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হারদী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলে দুধপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম। পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক। দর্শনা কেরুজ মাঠে অনুষ্ঠিত খেলায় দক্ষিণচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মদনা স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় বড়বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে স্বস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-০ গোলে হারদা রেজি. প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আওয়াল। ধান্যখোলা স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় ধান্যখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেদিনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। খয়েরহুদা স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় একতারপর রেজি. প্রাথমিক বিদ্যালয় খয়েরহুদা সরকারি প্রাথমিক বিদালয়কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ইউপি চেয়ারম্যান শরীফউদ্দীন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। ডুমুরিয়া, দাকোপ ও পাইকগাছায় খেলা চলছে : ডুমুরিয়া, দাকোপ ও পাইকগাছায় ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন চলছে।ডুমুরিয়া উপজেলায় টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের সমাপনী খেলায় ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ১৪ অক্টোবর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মোশাররফ মফিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল গণি, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী ও শাহানেওয়াজ জোয়ার্দার। খেলা পরিচালনা করেন শেখ জামিল আক্তার।অপরদিকে ডুমুরিয়া বরুণা বাজার কলেজিয়েট স্কুল মাঠে ১৪ অক্টোবর অনুষ্ঠিত টুর্নামেন্টের ১ নম্বর ধামালিয়া ইউনিয়নের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ১৬টি স্কুলের মধ্যে অনুষ্ঠিত খেলার ফাইনালে বরুণা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে কাটেঙ্গা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বনাথ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি এম দীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মনিরুজ্জামান মনির, সিদ্দিকুর রহমান ও বাহারুল ইসলাম।দাকোপ: উপজেলার বাজুয়া ইউনিয়নে ১৩ অক্টোবর টুর্নামেন্টে বাজুয়া বেড়েরখাল প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে তারা চুনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বাজুয়া এস এন কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দলের উৎস গায়েন দলের পক্ষে জয়সূচক গোলটি করে।ফাইনাল খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য অচিন্ত সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি দেবপ্রসাদ গাইন।পাইকগাছা: উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ১৩ অক্টোবর উপজেলার গদাইপুর ফুটবল মাঠে গদাইপুর ইউনিয়নের বিভিন্ন স্কুলের খেলার মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল।এদিন মোট ১২টি দলের মধ্যে ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জয়লাভ করে মটবাটী প্রাথমিক বিদ্যালয়, তকিয়া প্রাথমিক বিদ্যালয়, মানিকতলা প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাইকাটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও চেচুয়া ফজিয়াতুলনেছা কমিউনিটি বিদ্যালয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, নুরুল ইসলাম, গাজী নজরুল ইসলাম প্রমুখ।