দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এ সংক্রান্ত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:চাঁপাইনবাবগঞ্জ: ১০ অক্টোবর থেকে এখানে শুরু হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কে এম আলী আজম। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মফিকুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তী প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের দল এ টুর্নামেন্টে অংশ নেয়। উদ্বোধনী খেলায় হেফজুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নবাবগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে হারায়। জয়ী দলের আবদুল্লাহ আল মামুন গোলটি করে। ফুলবাড়ী (কুড়িগ্রাম): ১১ অক্টোবর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল গফুর মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, মো. তোফাজ্জল হোসেন চৌধুরী, মো. ওয়াকিল আহমেদ, শিক্ষক প্রতিনিধি মো. রেজাউল ইসলাম, শাহাজাদা খন্দকার, শফিকুল ইসলাম শফু ও উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা।দুপচাঁচিয়া (বগুড়া): ১২ অক্টোবর উপজেলার তালোড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুল মালেক সরদার। আলতাফ আলী উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছার রহমান, সামছুল ইসলাম, নূর ইসলাম, আবদুল খালেক মণ্ডল, বিলকিছ বানু, খায়রুল ইসলাম, এ কে এম আবদুল মাহবুব, সাদিকুল ইসলাম, তাজুল ইসলাম, সামছুল আলম প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রথম পর্যায়ে তালোড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালোড়া শাহ্্ এয়তেবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দ্বিতীয় পর্যায়ে তালোড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালোড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এই টুর্নামেন্টে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।