বঙ্গবন্ধু ট্রাস্টকে বেসিক ব্যাংকের এক কোটি টাকার অনুদান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে এক কোটি টাকার অনুদান দিয়েছে বেসিক ব্যাংক।আজ বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই অনুদানের চেক প্রদান করেন। উল্লেখ্য, শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন।প্রধানমন্ত্রী এ সময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, এ বছর ট্রাস্টের পক্ষ থেকে ১০ লাখ মানুষকে বিনা মূল্যে চিকিত্সা প্রদান করা হয়েছে। ট্রাস্টের উদ্যোগে গাজীপুরে নার্সিং ইনস্টিটিউটসহ ‘বেগম ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল’ নির্মাণ করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর ট্রাস্টের পক্ষ থেকে এক হাজার ২০০ গরিব ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ও তাঁর স্ত্রী সুলতানা কামালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এবং শেখ রাসেলের নামে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে মেধাবী ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদান করা হচ্ছে।শেখ হাসিনা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত এবং ২০০১ সালের পর বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীদের হাতে আহত ব্যক্তিদের চিকিত্সার জন্য এই ট্রাস্ট থেকে আর্থিক অনুদান দেওয়া হয়।শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্ট’-এ আর্থিক অনুদান দেওয়ার জন্য বেসিক ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।—বাসস