বঙ্গবন্ধু দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্তরের দশকে প্রথম সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি চালু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে শত্রুরা দেশের অবকাঠামো, শিল্প কলকারখানা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। জাতির পিতা দেশকে সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন। তিনি জনগণের দুর্দশা লাঘবে রেশন, খোলাবাজারে ভোগ্যপণ্য বিক্রি এবং রিলিফ বিতরণ কর্মসূচি চালু করেন।’আজ রোববার রাজধানীর রূপসী বাংলা হোটেলে পরিকল্পনা মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ আয়োজনে ‘বাংলাদেশে সামাজিক সুরক্ষা বৃদ্ধি: একটি কার্যকর সমাজ উন্নয়ন ব্যবস্থা ও নিরাপত্তা বেষ্টনী সৃজন’ শীর্ষক দুই দিনের উচ্চপর্যায়ের এক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সম্মেলনে সভাপতিত্ব করেন।শেখ হাসিনা বলেন, ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আমাদের দল ও সরকারের নীতি হিসেবে গৃহীত হয়ে আসছে। আমরা সে ধারাবাহিকতা বজায় রেখেছি। আর ন্যায়ভিত্তিক সমাজ নিশ্চিতকরণে এসবই একমাত্র পথ।’ সামাজিক সুরক্ষাকে মানবাধিকারের অবিচ্ছেদ্য অঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বর্তমান সরকারের নীতিতে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, সরকার সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনিক এবং ব্যবস্থাপনাগত দুর্বলতা কাটিয়ে ওঠার পদক্ষেপ নিয়েছে। দারিদ্র্যের হার ২০০৫ সালের ৪০ শতাংশ থেকে কমে এখন ৩১ শতাংশে নেমে এসেছে। নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নই এর অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।সম্মেলনে বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের (ডিএফআইডি) আঞ্চলিক প্রতিনিধি জিওয়েন হাইন্স ও জেনারেল ইকনোমিক ডিভিশনের সদস্য শামসুল আলম। বাসস।