বঙ্গবন্ধু বাঙালির ইতিহাস: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, ‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির গৌরব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প-সাহিত্যসহ যাবতীয় কৃষ্টির ধারক ও বাহক। আর সহস্র বছরের বাঙালির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাঙালির ইতিহাস অলীক, অবাস্তব।’ আজ শুক্রবার বিকেলে হূদয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন ও নেতাজি সুভাষচন্দ্র বসু পুরস্কার-২০০৯ প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে বোধের কাগজ মসলিন—এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন, ‘ভাষা নিয়ে ১৯৪৭ সালের পর থেকে অনেক সমাবেশ, মিছিল, হরতাল ও দাবি উত্থাপিত হয়েছে। এসব সমাবেশে বঙ্গবন্ধু সরাসরি উপস্থিত থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধু বাঙালির মুক্তির শপথে যুক্তফ্রন্ট, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, সত্তরের সাধারণ নির্বাচন, অসহযোগ, রেসকোর্স ও ৭ মার্চের ভাষণের ফলেই আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক।’প্রস্তাবিত বাংলাদেশ কমনওয়েলথ ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমএর মহাসচিব মো. শারফুদ্দিন আহমেদ, মাসিক ব্যাংক বীমা শিল্প ডাইজেস্টের সম্পাদক গোলাম কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।