বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় ঢাবির ৪ ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানার পুলিশ আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রকে আটক করেছে। আটককৃত চারজন ছাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী। সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গোয়েন্দা সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে জামাল নামের এক ব্যক্তি এক মহিলা রোগীকে নিয়ে হাসপাতালে এসে লাইনে দাঁড়ান। এ সময় সাইফুল নামের হাসপাতালের এক কর্মকর্তা লাইন ভেঙে অন্য এক রোগীকে সামনে নিয়ে যান। এ ঘটনায় জামালের সঙ্গে ওই কর্মকর্তার কথাকাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। পরে জামাল তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধু নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাহিদ হাসানকে ফোনে ঘটনাটা জানান। এ ঘটনা শুনে জাহিদ হাসান বিশ্ববিদ্যালয় থেকে ৪০-৫০ জন ছাত্র নিয়ে এসে হাসপাতালে ভাঙচুর চালান।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে আজ সকাল পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র ওই সময় অনুষ্ঠিত একটি পরীক্ষা ভণ্ডুল করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে ভাঙচুর চালান। তাঁদের আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।আটককৃত ছাত্ররা হলেন মার্কেটিং দ্বিতীয় বর্ষের শাহাদাত্ হোসেন, সমাজবিজ্ঞান প্রথম বর্ষের সাজিদুল ইসলাম, মার্কেটিং প্রথম বর্ষের আফসার হোসেন ও সংস্কৃত প্রথম বর্ষের আনিসুর রহমান। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনায় পাঁচজন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে।