বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জোট সরকারের সময় বিভিন্ন পদে শিক্ষকসহ মোট ৩০৯ জনের নিয়োগ বিধি অনুযায়ী হয়নি। এঁদের কারও নিয়োগ বাতিল ও বাকিদের পদাবনতির সুপারিশ করা হয়েছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২ নং উপকমিটির তদন্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, সাতজন অধ্যাপক, ১৬ জন সহযোগী অধ্যাপক, ১১ জন সহকারী অধ্যাপক, ৬১ জন পরামর্শক, ১৯৮ জন চিকিত্সা কর্মকর্তা (মেডিকেল অফিসার) ও ১৬ জন কর্মকর্তার নিয়োগ আইনানুগ ছিল না। মেধা ও যোগ্যতা যাচাই না করে শুধু রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে এঁদের বিশ্ববিদ্যালয়ে চাকরি ও পদোন্নতি দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সংসদীয় উপকমিটি গত ১২ জানুয়ারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিবেদন চূড়ান্ত করে। ২৭ জানুয়ারি সংসদীয় স্থায়ী কমিটির সভায় ২৪৬ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেওয়া হয়। স্থায়ী কমিটির সদস্য মুরাদ হাসান প্রথম আলোকে বলেন, আলোচ্যসূচিতে না থাকায় প্রতিবেদন নিয়ে সেদিন কোনো আলোচনা হয়নি।নিয়োগ বাতিল বা পদাবনতির সুপারিশ করা হয়েছে—এমন একাধিক অধ্যাপক, সহকারী অধ্যাপক এ প্রতিবেদককে বলেছেন, সংসদীয় উপকমিটির তদন্ত প্রতিবেদন পক্ষপাতমূলক। প্রকাশনার শর্ত পূরণ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সমস্য ও অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হামিদা বেগমের নিয়োগ বিধিসম্মত ছিল না বলছে তদন্ত কমিটি। হামিদা বেগম প্রথম আলোকে বলেন, সহকারী অধ্যাপক হিসেবে চাকরি পেতে প্রকাশনার কোনো শর্ত ছিল না। তিনি বলেন, তাঁর নিয়োগ বাতিল হলে বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষকেরই নিয়োগ বাতিল হওয়ার কথা।যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা: তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনার শর্ত মানা হয়নি। সংসদীয় উপকমিটি সাতজন অধ্যাপকের নিয়োগে অনিয়ম পেয়েছে বলে দাবি করেছে। এর মধ্যে তিনজনের নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়েছে। সহিদুর রহমান (সার্জারি), নিয়াজ আহমেদ চৌধুরী (ভাসকুলার সার্জারি), মো. মাঈনুজ্জামান (ফিজিক্যাল মেডিসিন) ও ইকবাল হোসেনকে (রেডিওলজি) পদাবনতি করে সহযোগী পদে ফিরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, সহযোগী অধ্যাপক পদে হাসান ইমাম আল-হাদী (সার্জারি), হোসেন ইমাম আল-হাদী (নাক-কান-গলা), আবদুল কুদ্দুস (চক্ষু), জেরজিনা রহমান (অ্যানেসথেসিয়া), মো. মুজিবুর রহমান ভূঁইয়া (গ্যাস্ট্রোএন্টারোলজি), কামরুজ্জামান (সার্জারি), মহিবুল আজিজ (সার্জারি), লে. কর্নেল (অব.) মো. আবদুল ওয়াহাব (চর্ম ও যৌন), মো. আবদুল ওহাব খান (সার্জারি) ও আলীয়া সুলতানার (প্রস্থোডন্টিকস) নিয়োগ বৈধ ছিল না। উপকমিটি এঁদের নিয়োগ বাতিল করতে বলেছে।অন্যদিকে মো. ইকবাল হোসেন চৌধুরী (অ্যানেসথেসিয়া বিভাগ), আসিয়া আলী (অ্যানেসথেসিয়া বিভাগ), নজরুল ইসলাম (নেফ্রোলজি বিভাগ), সাইফুল ইসলাম (ইউরোলজি), নুরুন নাহার খানম (অবস অ্যান্ড গাইনি) ও মজিবুর রজমান হাওলাদার (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি) সহযোগী অধ্যাপককে পদাবনতি করে সহকারী অধ্যাপক পদে নিয়ে যেতে বলেছে।সহকারী অধ্যাপক হিসেবে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (চক্ষু), সাঈদা সুলতানা (অবস অ্যান্ড গাইনি), এ এফ এম একরামুজ্জামান (নাক-কান-গলা), হামিদা বেগম (অবস অ্যান্ড গাইনি), মো. আবদুল কাদের (মেডিসিন), আতিয়ার রহমান (সার্জারি), খালেদ নূর (নিউনেটোলজি), হেলেনা বেগম (হেমাটো অনকোলজি) ও সালমা জাহানের (পেডিয়াট্রিক নেফ্রোলজি) নিয়োগ আইনানুগ হয়নি। এঁদের নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সংসদীয় উপকমিটি।অন্য দুজন সহকারী অধ্যাপক হুমায়রা আলম (অবস অ্যান্ড গাইনি) ও রীয়া হুমায়রাকে (অবস অ্যান্ড গাইনি) পদাবনতি করে মেডিকেল অফিসার করার সুপারিশ করা হয়েছে।জোট সরকারের সময় ৬১ জনকে অবৈধভাবে চিকিত্সা পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এঁদের সবার নিয়োগ বাতিল করে মেডিকেল অফিসার হিসেবে পদাবনতির সুপারিশ করা হয়েছে। আইনানুগ ছিল না বলে প্রশাসনের ১৬ জন কর্মকর্তার নিয়োগ বাতিলেরও সুপারিশ করেছে উপকমিটি।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই ছয় মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে ১৯৮ জন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হয়। এঁদের নিয়মিতকরণও বৈধ উপায়ে হয়নি।বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের এসব নিয়োগ সিন্ডিকেটের অনুমোদ নিয়েই হয়েছে। এ নিয়োগ পুরোপুরি অবৈধ বলা যাবে না।সংসদীয় উপকমিটি চিকিত্সা সরঞ্জাম কেনার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত করেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এতে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়েছে সাত কোটি ৮৪ লাখ টাকার বেশি। ক্রয়ে অনিয়মের সঙ্গে সার্বক্ষণিক ক্রয় কমিটি বা টেন্ডার কমিটির সভাপতি, সদস্য সচিব ও সদস্যরা জড়িত ছিলেন। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সব অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে সুপারিশ করেছে এ কমিটি।উপকমিটি ও কাজের সীমা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ২০০৯ সালের ৭ জুন উপকমিটি গঠন করে। আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমান (আহ্বায়ক) ও আনোয়ার হোসেন (সদস্য) এই উপকমিটির সদস্য।কমিটির কার্যপরিধিতে বলা হয়, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অনিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন তৈরি করে দুই মাসের মধ্যে স্থায়ী কমিটির কাছে উপস্থাপন করবে।তদন্ত কমিটির আহ্বায়ক মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও ক্রয়ে অনিয়ম নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আমলের দুটি তদন্ত কমিটির (নজরুল কমিটি ও পর্যালোচনা কমিটির প্রতিবেদন) প্রতিবেদন এবং সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের তথ্য তাঁরা ব্যবহার করেছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে সংসদীয় উপকমিটির জন্য নির্ধারিত কক্ষের সামনে একটি অভিযোগ বাক্স রাখা ছিল। সেই বাক্সে জমা পড়া কাগজপত্রও যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করা হয়েছে।নিয়োগ বাতিল করার সুপারিশ করা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন অধ্যাপক বলেন, ২০০১ সালের আগেও নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম হয়েছিল। সেগুলো সংসদীয় কমিটি তদন্ত করেনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনামের স্বার্থে সব অনিয়মের তদন্ত হওয়া দরকার।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটির প্রতিবেদন পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে কথা বলবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কারও প্রতি অন্যায় করবে না, অন্যায়কারীর প্রতি সহানুভূতিও দেখাবে না।