বঙ্গবন্ধু মেডিকেলে বিদ্যুতের অভাবে দুর্ভোগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আজ মঙ্গলবার ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুত্ ছিল না। এতে হাসপাতালের রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।রোগীরা জানান, আজ ভোর চারটা থেকে হাসপাতালের সব ওয়ার্ডে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ব্যাহত হয় হাসপাতালের চিকিত্সাসেবা। এ সময় অস্ত্রোপচার, এক্স-রে ও সিটি স্ক্যান কার্যক্রম বন্ধ হয়। প্রচণ্ড গরমে অনেক রোগী হাসপাতালের বাইরে চলে আসে। দূর-দূরান্ত থেকে আসা রোগীদেরও পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।তবে আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের অর্ধেকের মতো অংশে বিদ্যুত্ সরবরাহ করা হয়।হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভুঁইয়া জানান, হাসপাতালের বিদ্যুত্ সরবরাহের স্থানে ১১ হাজার ভোল্টের একটি তার জ্বলে যাওয়ায় এ সমস্যা হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে এটি ঠিক করা হয়েছে। পর্যায়ক্রমে সর্বত্র বিদ্যুত্ দেওয়া হচ্ছে।