বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪১ জনের নিয়োগ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৪১ জন শিক্ষক ও কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। আর আজ বৃহস্পতিবার প্রত্যেকের নামে এ-সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে। এ ৪১ জনের মধ্যে ৩২ জন শিক্ষক আর নয়জন কর্মকর্তা রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একজন সহ-উপাচার্য নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, জোট সরকারের আমলে নিয়োগবিধি লঙ্ঘন করে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ ৪১ জনের নিয়োগ বাতিল করেছে। জোট সরকারের আমলে যাঁদের নিয়োগ স্বচ্ছভাবে হয়েছে, তাঁদের চাকরি বহাল রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন সাবেক চারদলীয় জোট সরকারের সময় এসব নিয়োগ হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম, ক্রটি-বিচ্যুতি খতিয়ে দেখতে নজরুল কমিটি গঠন করা হয়। এর পরে আরও তিনটি কমিটি শাহজাহান, সংসদীয় স্থায়ী কমিটি এবং সোহরাব কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটিই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম খুঁজে পায়। কমিটিগুলোর প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটি এ ৪১ জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।নিয়োগ বাতিল হওয়া একজন অধ্যাপক প্রথম আলোকে অভিযোগ করে বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ করার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ অবৈধভাবে এ ৪১ জনের নিয়োগ বাতিল করেছে, যা তারা করতে পারে না।