বঙ্গবন্ধু সম্পর্কে মার্ক টালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য স্বাধীন একটি দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সম-সাময়িক অন্য যেকোনো নেতার চেয়ে অনেক বেশি সমস্যা মোকাবিলা করতে হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে—এমনটাই মন্তব্য করেছেন বিবিসির প্রখ্যাত সাংবাদিক স্যার উইলিয়াম মার্ক টালি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর সংবাদ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। খবর বাসসের।শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসসের নয়াদিল্লির ব্যুরো-প্রধানের সঙ্গে এক সাক্ষাৎকারে টালি বলেন, ‘বঙ্গবন্ধুর সামনে অনেকগুলো বড় সমস্যা ছিল। যুদ্ধবিধ্বস্ত দেশ বিভক্ত হয়েছিল। পাশাপাশি ওই সময় চলছিল বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও বেড়ে গিয়েছিল। এর সঙ্গে যুক্ত হয় চোরাচালান সমস্যা। ভারতের সঙ্গে সীমান্ত উন্মুক্ত থাকায় খুব দ্রুত চোরাচালান বন্ধ করাও অসম্ভব ছিল। সব মিলিয়ে তাঁর সমসাময়িক বিশ্বনেতাদের এত সমস্যা মোকাবিলা করতে হয়নি।’দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতি রোমন্থন করে মার্ক টালি বলেন, ‘তিনি ছিলেন বন্ধুভাবাপন্ন ও খুবই খোলামেলা মনের অধিকারী একজন মানুষ। দেশের জনগণকে অত্যধিক ভালোবাসতেন তিনি। অনেক বড় ছিল তাঁর মন।’জনসভায় বঙ্গবন্ধুকে দেখা ও তাঁর ভাষণ শোনার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রবীণ এই সাংবাদিক বলেন, ‘তাঁর কণ্ঠস্বর ছিল অসাধারণ। শ্রোতাদের সম্মোহিত করে রাখতেন তিনি। জনসভায় শেখ সাহেব যখন ভাষণ দিতেন, তখন শ্রোতাদের প্রতিক্রিয়া লক্ষ করে এ ধরনের অনুভূতি হয়েছে আমার।’৩৫ বছর আগে লন্ডনে কর্মরত থাকার সময় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের খবর পান তিনি। খবরটি শুনেই গভীর বেদনা অনুভব করেন। ওই সময়ের কথা স্মরণ করে টালি বলেন, ‘আমি তখন রাতের পালায় কাজ করছিলাম। খবরটি শোনার পরপরই আমি খুবই মর্মাহত হয়ে পড়ি। কারণ বঙ্গবন্ধু আমার প্রতি অত্যন্ত সদয় ছিলেন। প্রথমবার আলাপের সময় তিনি আমাকে দেশ ও জনগণের ব্যাপারে তাঁর স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষার কথা বলেছিলেন। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর বিশ্বাসের কথা জানিয়েছিলেন।’স্বাধীনতা অর্জনের পরপরই ঢাকায় এসে সদ্য স্বাধীন দেশ সম্পর্কে বেশ কিছু সংবাদ প্রতিবেদন তৈরি করেন মার্ক টালি। ওই সময় তিনি শেখ মুজিবের একটি সাক্ষাৎকার নিতে খুবই আগ্রহী ছিলেন। এ ব্যাপারে টালি বলেন, ‘অবশ্যই বাংলাদেশের অবিসংবাদিত নেতার একটি সাক্ষাৎকার নিতে চাচ্ছিলাম আমি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না, তিনি আমাকে সাক্ষাৎকার দেবেন কি না। আমি আশা করিনি এত দ্রুত তাঁর দেখা পাব। ওই সফরের সময়ই একদিন আমাকে জানানো হলো, শেখ সাহেব আমার সঙ্গে দেখা করতে চান। আমরা দীর্ঘ সময় আলাপ করি। নতুন জন্ম নেওয়া বাংলাদেশ সম্পর্কেই তিনি সবচেয়ে বেশি কথা বলেছিলেন। শেখ সাহেব আমাকে বলেছিলেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করাই তার স্বপ্ন।’বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎকারের বিস্তারিত এখন আর মনে নেই উল্লেখ করে মার্ক টালি বলেন, মুক্তিযুদ্ধের সংবাদ পরিবেশনের জন্য বঙ্গবন্ধু তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন। জবাবে তিনি বলেছিলেন, তিনি আলাদাভাবে কিছু করেননি। আরও অনেক সাংবাদিক তাঁর মতো সংবাদ পরিবেশন করেছেন।টালি বলেন, ‘সাক্ষাৎকার শেষে বঙ্গবন্ধু আমাকে একটি তৈলচিত্র উপহার দেন, যা এখনো আমার কাছে আছে। তাঁর এই আচরণে আমি অভিভূত হয়ে পড়ি। বিবিসির সাংবাদিক হিসেবে আমরা কারও কাছ থেকে উপহার গ্রহণ করতে পারি না। এই উপহারের বিষয়টি আমি বিবিসির লন্ডন সদর দপ্তরকে জানাই এবং তাদের বলি যে, আমি তৈলচিত্রটি দিল্লিতে বিবিসির কার্যালয়ে ঝোলাতে আগ্রহী এবং আমি সেটা করেছি।’১৯৯২ সালে ভারত সরকার মার্ক টালিকে ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত করে। মার্ক টালি জানান, প্রথম ওই সাক্ষাৎকারের পরও বেশ কয়েকবার বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর দেখা হয়েছে। সে সময় বঙ্গবন্ধু দেশের ক্রমবর্ধমান সমস্যা নিয়ে তাঁর উদ্বেগের কথা জানিয়েছিলেন মার্ক টালিকে। তৈলচিত্রটির উল্লেখ করে মার্ক টালি বলেন, বঙ্গবন্ধুর দেওয়া এই উপহার মহামূল্যবান সম্পদ হিসেবে তাঁর কাছে সংরক্ষিত থাকবে।